ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন Entry/Exit System (EES) চালুর ফলে সীমান্তে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউরোপীয় সীমান্ত সংস্থা Frontex। এ লক্ষ্যে সংস্থাটি ‘Travel to Europe’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে ভ্রমণকারীরা যাত্রার আগেই প্রয়োজনীয় তথ্য অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
২০২৫ সালের ১২ অক্টোবর ধাপে ধাপে চালু হওয়া EES ব্যবস্থা ২০২৬ সালের ১০ এপ্রিল থেকে পুরোপুরি কার্যকর হয়েছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে শেনজেন অঞ্চলে প্রবেশ ও বের হওয়ার সময় অ-ইইউ দেশের স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের তথ্য একটি কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে পাসপোর্টে হাতে সিল মারার প্রচলিত ব্যবস্থা বাতিল হয়েছে।
তবে প্রথমবার শেনজেন এলাকায় প্রবেশের সময় ভ্রমণকারীদের আঙুলের ছাপ ও মুখের বায়োমেট্রিক তথ্য সীমান্ত কর্মকর্তার সামনে সরাসরি নিবন্ধন করতে হয়। এ অতিরিক্ত প্রক্রিয়ার কারণে যুক্তরাজ্যের ডোভার বন্দরসহ বেশ কয়েকটি ব্যস্ত সীমান্তে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে এই ভিড় আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিভিন্ন ভ্রমণ সংস্থা।
এই পরিস্থিতি সহজ করতে ২০২৪ সালের শরৎকালে Frontex ‘Travel to Europe’ অ্যাপটি তৈরি করে। অ্যাপটির মাধ্যমে অ-ইইউ দেশের যাত্রীরা ভ্রমণের ৭২ ঘণ্টা আগে নিজেদের পাসপোর্টের তথ্য, মুখের ছবি এবং প্রয়োজনীয় প্রবেশসংক্রান্ত তথ্য অনলাইনে জমা দিতে পারেন।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই অ্যাপ সীমান্তে নিরাপত্তা যাচাইয়ের বিকল্প নয়। বরং এটি আগাম তথ্য নিবন্ধনের মাধ্যমে সীমান্তে সময় কমাতে এবং প্রবেশ প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করতে সহায়তা করবে।
বিশেষজ্ঞদের মতে, EES এবং ‘Travel to Europe’ অ্যাপ ইউরোপীয় সীমান্ত ব্যবস্থাকে আরও আধুনিক ও ডিজিটাল করে তুলবে। একই সঙ্গে এটি অবৈধভাবে নির্ধারিত সময়ের বেশি অবস্থানকারী ব্যক্তিদের শনাক্ত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
