অভিবাসীদের ভাষা, চাকরি ও আবাসন নিয়ে সিনেসে আইমার আঞ্চলিক সভা

aima migrant integration

পর্তুগালে অভিবাসীদের পর্তুগিজ ভাষা শেখা এবং চাকরি, আবাসন, শিক্ষা ও সরকারি সেবা পাওয়ার সুযোগ বাড়ানোর বিষয়ে সিনেসে আঞ্চলিক সভা করেছে দেশটির অভিবাসন সংস্থা আইমা। স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা জোরদার করতে আয়োজিত এ সভায় সরকারি প্রতিনিধি, সামাজিক অংশীদার ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

গত ২৩ সেপ্টেম্বর ‘আইমা এম রেদে’ কর্মসূচির তৃতীয় আঞ্চলিক সভাটি অনুষ্ঠিত হয়। সিনেস পৌরসভা এবং সিনেস ও সান্তিয়াগো দু কাসেমের কেপ ভার্দীয় অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এর আয়োজন করে আইমা। সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী পর্বে আইমার পরিচালনা পর্ষদের সভাপতি পেদ্রো পর্তুগাল গাসপার ও সিনেসের মেয়র আলভারো বেইজিনিয়া বক্তব্য দেন। এ সময় সিনেস বন্দরের সভাপতি পেদ্রো দু ও রামোস এবং আলেন্তেজোর আঞ্চলিক সমন্বয় ও উন্নয়ন কমিশনের সহসভাপতি আনিবাল রেইস কোস্তাও উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আলোচনায় অভিবাসীদের স্থানীয় সমাজে অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিভিন্ন বাধা ও সম্ভাবনা উঠে আসে। বিশেষ গুরুত্ব দেওয়া হয় পর্তুগিজ ভাষা শেখা, কর্মসংস্থান, বাসস্থান, শিক্ষা ও সরকারি সেবায় প্রবেশাধিকারের ওপর। পাশাপাশি স্থানীয় অংশীদার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

সভায় আইমার পরিচালনা পর্ষদের সদস্য ভেরা এগ্রেজা বারাশো, স্থানীয় অভিবাসী সহায়তাকেন্দ্র ক্লেইম, সামাজিক নিরাপত্তা ইনস্টিটিউট ও সেতুবালের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইমার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আইমা জানিয়েছে, অভিবাসীদের সহায়তায় সরাসরি পরিচালিত ৩৬টি সেবাকেন্দ্রের পাশাপাশি পৌরসভাগুলোর সঙ্গে অংশীদারত্বে ২৩টি ‘আইমা স্পেস’ চালু রয়েছে। এ ছাড়া স্থানীয় পর্যায়ে তথ্য, সহায়তা ও প্রয়োজনীয় সেবার নির্দেশনা দেয় ক্লেইম নেটওয়ার্ক।

এর আগে কারেগাল দু সাল ও কালদাস দা রাইনিয়ায় একই কর্মসূচির সভা অনুষ্ঠিত হয়। ধারাবাহিক এ উদ্যোগের অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর অভিবাসীদের অন্তর্ভুক্তিবিষয়ক প্রকল্পে অর্থায়ন নিয়ে একটি অনলাইন কর্মশালার সূচি ঘোষণা করেছে আইমা। অভিবাসী জনগোষ্ঠীর সঙ্গে কাজ করা প্রতিষ্ঠানগুলোর জন্য এ কর্মশালার আয়োজন করা হচ্ছে।