বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা নিয়ে লড়বেন প্রবাসী শেফ মোহাম্মদ আলী

bangladeshi-chef-mohammad-ali-world-cup-pari

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ মোহাম্মদ আলী চৌধুরী। বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত শীর্ষ শেফদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচ মহাদেশ থেকে অসংখ্য প্রতিযোগী এবারের আসরে অংশ নেন। বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছেন মাত্র ১৮ জন শেফ। তাদের মধ্যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোহাম্মদ আলী চৌধুরী।

আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর প্যারিসের কনকর্ড এলাকায় আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

১১ সেপ্টেম্বর চূড়ান্ত লড়াইয়ে মোহাম্মদ আলী

আগামী ১১ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নিজের রান্নার দক্ষতা তুলে ধরবেন মোহাম্মদ আলী চৌধুরী।

আন্তর্জাতিক বিচারকদের সামনে বাংলাদেশের পতাকা নিয়ে নিজের রান্নার দক্ষতা, সৃজনশীলতা এবং খাবার পরিবেশনের নৈপুণ্য প্রদর্শন করবেন তিনি।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন ফ্রান্সের প্রধানমন্ত্রীর শেফ রোমাঁ বেসেরোঁ, আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি ভিলেজের প্রতিষ্ঠাতা অ্যান-লর দেসকম্বিনসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ খাদ্য ও রন্ধন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের রন্ধনশিল্প

বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ শেফদের সঙ্গে একজন প্রবাসী বাংলাদেশির এই প্রতিযোগিতায় অংশগ্রহণকে দেশের রন্ধনশিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

তার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, স্বাদ ও রন্ধনশৈলী আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোহাম্মদ আলীর অংশগ্রহণ বাংলাদেশের তরুণ ও পেশাদার শেফদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে রেস্তোরাঁ ও হসপিটালিটি খাতে কর্মরত বাংলাদেশিদের দক্ষতা ও সৃজনশীলতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রেও এমন অর্জন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবার প্যারিসের মঞ্চে ১৮ জন ফাইনালিস্টের মধ্যে মোহাম্মদ আলী চৌধুরী কতটা এগিয়ে যেতে পারেন, সেদিকেই নজর থাকবে প্রবাসী বাংলাদেশিদের।