পর্তুগালে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বর্ণবাদী হামলা, অভিবাসনবিরোধী প্রচারণা এবং কর্মক্ষেত্রে শোষণের অভিযোগ তুলে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ও তাঁদের সহায়তায় কাজ করা ব্যক্তিরা বলছেন, জীবিকা ও বসবাসের অনিশ্চয়তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত নিরাপত্তার ভয়।
লিসবনের বাংলাদেশি ব্যবসায়ী, কমিউনিটির প্রতিনিধি ও সহায়তাকারীদের এসব অভিজ্ঞতা। তাঁদের ভাষ্য, পাসপোর্ট আটকে রাখা, বেতন না দেওয়া, অস্বাস্থ্যকর বাসস্থানে থাকতে বাধ্য হওয়া এবং প্রকাশ্যে অপমানের মতো ঘটনা অভিবাসীদের জীবনকে কঠিন করে তুলছে।
পর্তুগালের অভিবাসন, সংহতি ও আশ্রয়বিষয়ক সংস্থা আইমার ‘মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম রিপোর্ট ২০২৫’ উদ্ধৃত করে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে দেশটিতে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ছিল ৫৫ হাজার ৫৭৯। এই হিসাবের মধ্যে বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের পাশাপাশি নিয়মিতকরণ প্রক্রিয়াধীন ব্যক্তিরাও অন্তর্ভুক্ত।
‘লিটল বাংলাদেশে’ উদ্বেগ
লিসবনের বেনফরমোসো সড়ক ঘিরে গড়ে উঠেছে বাংলাদেশিদের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। মুদিদোকান, স্যুভেনিরের দোকান এবং ছোট ব্যবসার কারণে এলাকাটি অনেকের কাছে ‘লিটল বাংলাদেশ’ নামে পরিচিত।
সেখানকার বাংলাদেশি ব্যবসায়ী রাফি শারহান বলেন, ২০১৭ সালে পর্তুগালে আসার পর বাংলাদেশি কমিউনিটির জন্য এমন কঠিন সময় তিনি আগে দেখেননি। তাঁর মতে, হামলা ও শ্রমশোষণের পাশাপাশি বাংলাদেশিদের লক্ষ্য করে রাজনৈতিক প্রচারণা চালানোয় অনেকেই অসহায় বোধ করছেন।
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিও পরিস্থিতিকে জটিল করছে বলে মনে করেন এই ব্যবসায়ী। তাঁর আশঙ্কা, সামাজিক উত্তেজনা বাড়তে থাকলে অভিবাসীদের দৈনন্দিন জীবন আরও অনিশ্চিত হয়ে উঠবে।
অভিবাসনবিরোধী প্রচারণা নিয়ে অভিযোগ
প্রতিবেদন অনুযায়ী, উগ্র ডানপন্থি দল শেগার বাংলাদেশকে উল্লেখ করে চালানো প্রচারণা কমিউনিটির উদ্বেগ বাড়িয়েছে। লিসবনে দলটির পোস্টারে পর্তুগিজ ভাষায় ‘ইস্তো নাও এ ও বাংলাদেশ’—অর্থাৎ ‘এটি বাংলাদেশ নয়’—বাক্যটি ব্যবহার করা হয়েছে।
পর্তুগিজ রেড ক্রসের লুইস সুসা ইনফোমাইগ্র্যান্টসকে বলেন, অভিবাসীদের জন্য সময়টি অত্যন্ত কঠিন। তাঁর মতে, বাংলাদেশি কমিউনিটির সদস্যরা বিভিন্ন দিক থেকে নিজেদের লক্ষ্যবস্তু মনে করছেন।
মার্তিম মুনিজ ও বেনফরমোসোর মতো অভিবাসী-অধ্যুষিত এলাকায় উসকানিমূলক আচরণ, গালিগালাজ এবং অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগও তুলে ধরেছেন কমিউনিটির প্রতিনিধিরা। তাঁদের দাবি, এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে এলাকাগুলো ও সেখানকার বাসিন্দাদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে।
পাসপোর্ট আটকে রাখা ও বেতন না দেওয়ার অভিযোগ
লিসবনভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ এম পর্তুগাল’-এর সদস্য তাহো রিহার জানিয়েছেন, উন্নত জীবনের আশায় আসা অনেক বাংলাদেশি কর্মক্ষেত্রে শোষণের মুখে পড়ছেন। তাঁর অভিযোগ, কারও পাসপোর্ট নিয়োগকর্তার কাছে আটকে রয়েছে, আবার কেউ দীর্ঘদিন কাজ করেও বেতন পাচ্ছেন না।
বাসস্থানের সংকটও এসব মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। তাহো রিহারের ভাষ্য, অনেককে অস্বাস্থ্যকর ও অপর্যাপ্ত জায়গায় গাদাগাদি করে থাকতে হচ্ছে। কাজ, আয় ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে তাঁদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।
পর্তুগালে দক্ষিণ এশীয় কর্মীদের জীবন নিয়ে পৃথক একটি প্রতিবেদনেও দীর্ঘ কর্মঘণ্টা, অভিবাসনের ঋণ এবং সংকীর্ণ বাসস্থানে থাকার অভিজ্ঞতা উঠে এসেছে। লিসবনের মার্তিম মুনিজে বসবাসকারী বাংলাদেশি কর্মীরাও এসব সমস্যার কথা জানিয়েছেন।
সহায়তা মিললেও নিষ্পত্তিতে দীর্ঘ অপেক্ষা
বাংলাদেশি অভিবাসীদের সহায়তায় পর্তুগিজ রেড ক্রস, কয়েকটি গির্জা ও স্থানীয় সংগঠন কাজ করছে বলে জানিয়েছেন তাহো রিহার। প্রতারণা ও শোষণের অভিযোগে পুলিশের সহায়তা নেওয়ার ঘটনাও রয়েছে।
তবে অভিযোগের নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগায় অনেকে হতাশ হয়ে পড়ছেন বলে তাঁর দাবি। সহায়তার উদ্যোগ থাকলেও সমস্যার তুলনায় তা পর্যাপ্ত নয় বলে মনে করেন তিনি।
ইনফোমাইগ্র্যান্টসের প্রতিবেদনে ছদ্মনামে বক্তব্য দেওয়া বিচারিক পুলিশের এক পরিদর্শকও বাংলাদেশিদের ওপর হামলা ও শোষণের অভিযোগ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাঁর ভাষ্য, নিয়োগকর্তার পাসপোর্ট আটকে রাখা, কয়েক মাসের বেতন বকেয়া এবং অভিবাসীদের উসকানি বা অপমান করার অভিযোগ আসছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
পর্তুগালের অভিবাসন ও প্রবাসীদের বিষয়ে আরও খবর পড়ুন পর্তুগাল সংবাদ বিভাগে।
