লেভান্তে–এলচে ম্যাচের আগে দুই দলের জয়ের হিসাবে অদ্ভুত এক মিল। এবারের স্প্যানিশ লা লিগায় লেভান্তের দুটি জয়ই নিজেদের মাঠে। এলচেও জিতেছে দুবার, তবে দুটিই প্রতিপক্ষের মাঠে। ভ্যালেন্সিয়ার সিউতাত দে ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে তাই দুই প্রতিবেশীর কাছেই জয়ের পক্ষে যুক্তি আছে। বাংলাদেশ সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
লা লিগার ১৩তম রাউন্ডের এই ম্যাচে ব্যবধান মাত্র এক পয়েন্ট। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লেভান্তে আছে ১৮তম স্থানে, ১০ পয়েন্ট নিয়ে এলচে ১৯তম। জিতলে লেভান্তে দুই দলের ব্যবধান চার পয়েন্টে নিয়ে যাবে। আর এলচে জিতলে ১৩ পয়েন্ট নিয়ে টপকে যাবে স্বাগতিকদের।
লেভান্তের সমর্থকেরা নিজেদের মাঠে দুটি জয়ের দিনেই অন্তত তিনটি করে গোল দেখেছেন। আগস্টে রিয়াল বেতিসকে ৫–২ গোলে হারিয়েছিল তাদের দল। দ্বিতীয় জয়ের জন্য অপেক্ষা করতে হয় ২১ অক্টোবর পর্যন্ত। সেদিন রজার ব্রুগের জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে ৩–১ ব্যবধানে হারায় লেভান্তে।
এলচের ভরসা সফরের রেকর্ড। চলতি লিগে প্রতিপক্ষের মাঠে ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে তারা। দুই জয়ের পাশাপাশি তিনটি ড্রয়ে এসেছে ৯ পয়েন্ট। অর্থাৎ প্রথম ১২ ম্যাচে এলচের সংগ্রহে যে ১০ পয়েন্ট, তার মাত্র একটি এসেছে নিজেদের মাঠে।
বাংলাদেশে কোথায় দেখবেন: লেভান্তে–এলচে ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস। দিনের অন্য ম্যাচের সময় ও চ্যানেল দেখুন টিভিতে আজকের খেলার সূচিতে।
