জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের উপপ্রধান অ্যান্ডার্স বি. কার্লসেন উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।
আলোচনায় বাংলাদেশ ও ডেনমার্ক-এর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের অবদান এবং মানসম্মত ওষুধ আমদানিতে দেশটির ভূমিকা গুরুত্বের সঙ্গে উঠে আসে।
উভয় পক্ষ আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যের ভিত্তিতে বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও মত প্রকাশ করা হয়।
বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে তার দেশের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ বিষয়ে তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
