ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের বিরুদ্ধে বেঙ্গালুরুর বিক্ষোভে যোগ দেওয়ার কথা জানিয়েছেন ইউটিউবার ও রাজনৈতিক ভাষ্যকার ধ্রুব রাঠি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) শহরের ফ্রিডম পার্কে আয়োজিত কর্মসূচিতে অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজও অংশ নেবেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে ধ্রুব রাঠিকে কর্মসূচির বিশেষ অতিথি হিসেবে ঘোষণা করেন প্রকাশ রাজ। পরে রাঠিও এক ভিডিওবার্তায় নিজের অংশগ্রহণের কথা নিশ্চিত করেন।
প্রকাশ রাজ জানান, এসআইআর বাতিলের দাবিতে তাঁদের সঙ্গে থাকবেন রাঠি। নাগরিকদের বড় সংখ্যায় কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি। তাঁর ঘোষণায় আইশে ঘোষ, নেহা বোরা, অভিজিৎ দিপকে ও সৌরভ দাসের উপস্থিত থাকার কথাও বলা হয়েছে।
ককরোচ জনতা পার্টি বা সিজেপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে রয়েছে ‘জনগণের ট্রাইব্যুনাল’ ও প্রতীকী ‘চপ্পল প্রতিবাদ’। আয়োজকদের ভাষ্য, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে নাম বাদ পড়েছে বলে অভিযোগ করা কর্ণাটকের বিভিন্ন এলাকার বাসিন্দারা সেখানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন। ট্রাইব্যুনালের পর প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের সময় যোগ্য নাগরিকদের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁরা নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ‘আমাদের ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ স্লোগানে এই কর্মসূচিতে তরুণ সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রকাশ রাজের বক্তব্য, বিষয়টি শুধু ভোট দেওয়ার অধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে গণতন্ত্র ও সংবিধানের সুরক্ষার প্রশ্নও জড়িত। এসআইআর নিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করা নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বেঙ্গালুরুর পর আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরেও বৃহত্তর বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে ছাত্রসংগঠন, রাজনৈতিক গোষ্ঠী ও নাগরিকদের একত্র করার উদ্যোগ নেওয়া হয়েছে।
