যুক্তরাজ্যে ইতিহাস গড়লেন সিলেটি বংশোদ্ভূত ফরহাদ হোসেন

farhad-hossain-first-bangladeshi-mayor-newham

যুক্তরাজ্যজুড়ে স্থানীয় নির্বাচনে লেবার পার্টি বড় ধাক্কা খেলেও লন্ডনের নিউহ্যামে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন। লেবার পার্টির মনোনয়নে নির্বাচিত হয়ে তিনি লন্ডনের কোনো বরোর প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হিসেবে নতুন রেকর্ড গড়লেন।

সিলেটি পরিবারের সন্তান ফরহাদ হোসেন নির্বাচনে ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তিনি বিদায়ী মেয়র রোকসানা ফিয়াজের স্থলাভিষিক্ত হচ্ছেন। রোকসানা টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন।

লন্ডনের বিভিন্ন এলাকায় যখন গ্রিন পার্টি ও রিফর্ম ইউকের উত্থানে লেবার পার্টি চাপে পড়েছে, তখন নিউহ্যামে ফরহাদ হোসেনের এই জয় দলটির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পূর্ব লন্ডনে লেবারের সাংগঠনিক ভিত্তি ধরে রাখতে এই জয় বড় ভূমিকা রাখবে।

ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরেই নিউহ্যামের স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি প্লাস্টো নর্থ এলাকার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অপরাধ দমন, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দিয়েছেন।

বিজয়ী ঘোষণার পর প্রতিক্রিয়ায় ফরহাদ হোসেন বলেন, “এটি নিউহ্যামের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা। এই বরা আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সেই এলাকার মেয়র নির্বাচিত হওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র তখনই সফল হয়, যখন সাধারণ মানুষ নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় এবং মানুষের সেবায় কাজ করতে পারে।”

মূলধারার ব্রিটিশ রাজনীতিতে একজন বাংলাদেশি বংশোদ্ভূত নেতার এই উত্থানকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে ফরহাদ হোসেনের।

নতুন মেয়র হিসেবে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং স্থানীয় নাগরিকসেবার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।