হজ শেষে দেশে ফিরলেন প্রথম ফিরতি ফ্লাইটের ৪১৯ যাত্রী, ১ জুলাই পর্যন্ত চলবে প্রত্যাবর্তন

first-hajj-return-flight-dhaka-2026

পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট শনিবার (৩০ মে) ঢাকায় অবতরণ করেছে। সৌদি আরবের জেদ্দা থেকে ৪১৯ জন হজযাত্রী বহনকারী সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হজ-পরবর্তী দেশে ফেরার কার্যক্রমের প্রথম দিনেই মোট ১৩টি ফ্লাইট পরিচালিত হবে। এসব ফ্লাইটে প্রায় ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী দেশে ফিরবেন।

এর আগে শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে এবারের হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর থেকেই ধাপে ধাপে বিভিন্ন দেশের হাজিদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তন শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজ ব্যবস্থাপনার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। হজযাত্রীদের জন্য তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসন ব্যবস্থা এবং ভিসা কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই শেষ করা হয়। পাশাপাশি বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ফলে কোনো ধরনের বড় শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে গমন করতে সক্ষম হয়েছেন। আগামী ১ জুলাই পর্যন্ত হজযাত্রীদের ফিরতি ফ্লাইট চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।