পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনার পথে লাখো হাজি

Hajj-Mina-Labbayek

চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার ৮ জিলহজ থেকে আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হজযাত্রী পবিত্র মক্কা নগরী থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

রোববার রাতে Saudi Arabia-এর Ministry of Hajj and Umrah জানিয়েছে, হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মিনায় হজযাত্রীদের নেওয়ার জন্য মাঠপর্যায়ের কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনাও শেষ হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ‘ইয়াওমুত তারবিয়া’ উপলক্ষে হাজিরা মক্কার নিজ নিজ আবাসন থেকে মিনার দিকে রওনা হচ্ছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত অনুসরণ করে তাঁরা তালবিয়া পাঠ ও আল্লাহর মহিমা ঘোষণা করতে করতে মিনায় যাচ্ছেন।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে এসেছেন। এছাড়া সৌদি আরবের অভ্যন্তর থেকেও কয়েক লাখ মুসল্লি হজে অংশ নিচ্ছেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হাজিদের জন্য পরিবহন, আবাসন, খাবার ও স্বাস্থ্যসেবাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। মিনার তাঁবুনগরীতে হজযাত্রীদের নিরাপদ ও সহজ প্রবেশ নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও সেবাব্যবস্থা চালু রয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হাজিদের ক্যাম্প, তাঁবু ও আতিথেয়তা কেন্দ্রগুলোতে সেবার মান তদারকির জন্য বিশেষ টিম কাজ করছে। পাশাপাশি যেকোনো সমস্যা দ্রুত সমাধানে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে।

জিলকদ মাসের শুরু থেকে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ৮৩ হাজারের বেশি পরিদর্শন ও মাঠপর্যায়ের সফর পরিচালনা করা হয়েছে। এসব পরিদর্শনের আওতায় হাজিদের আবাসন, তাঁবু, পরিবহন ও সেবাকেন্দ্র অন্তর্ভুক্ত ছিল।

সৌদি কর্তৃপক্ষের দাবি, এসব উদ্যোগের ফলে চলতি হজ মৌসুমে হাজিদের জন্য আরও উন্নত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।