এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা

hsc result

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ও সমমানের পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফির বাইরে কোনো টাকা আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৬ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সই করেন কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ফরম পূরণের জন্য কোনো ধরনের অতিরিক্ত ফি আদায় না করতে নির্দেশ দিয়েছে কমিটি।

এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনাটি গুরুত্বের সঙ্গে মেনে চলতে বলা হয়েছে।