এইচএসসিতে জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন, পাসের হার ৫২.১২ শতাংশ

hsc result 2026 gpa 5 pass

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এবার এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

এবারের পরীক্ষায় গড় পাসের হার ৫২.১২ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮.৪৫ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৬.৩৩ শতাংশ পয়েন্ট।

জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে পরীক্ষায় বেশ কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এক-দুই বিষয়ে ফেল ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন

এবারের ফলাফলে সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

তবে এসব শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষার জন্য আগামী বছরের এইচএসসি পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

এই সিদ্ধান্তের ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষাজীবনে দীর্ঘ বিরতি তৈরি হওয়ার ঝুঁকি কমবে।

আগে অপেক্ষা করতে হতো এক বছর

বর্তমান ব্যবস্থায় এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে সাধারণত পরের বছরের পরীক্ষায় আবার অংশ নিতে হয়।

সেক্ষেত্রে শিক্ষার্থী শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। কিন্তু একটি বা দুটি বিষয়ে ফেল করলেও পরবর্তী পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপের মুখেও পড়তে হয় শিক্ষার্থীদের।

নতুন ব্যবস্থায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের দ্রুত পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ সেই অপেক্ষা অনেকটাই কমিয়ে দেবে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ফলাফল এবং নতুন পুনঃপরীক্ষা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত জানান।