চলতি বছরের শুরু থেকে সমুদ্রপথে ইতালিতে অনিয়মিত অভিবাসীর আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত মোট ৭ হাজার ৬৪৩ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছেন।
তবে মোট সংখ্যা কমলেও জাতীয়তার দিক থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এ সময়ে ২ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক ইতালিতে পৌঁছেছেন, যা মোট আগমনের প্রায় ২৭ শতাংশ।
পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের একই সময়ে ইতালিতে পৌঁছেছিল ১৩ হাজার ৯ জন এবং ২০২৪ সালে ছিল ১৬ হাজার ৯০ জন। সে হিসেবে চলতি বছরে অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
বাংলাদেশিদের পর সবচেয়ে বেশি অভিবাসী এসেছে সোমালিয়া থেকে, যার সংখ্যা ৯৫৬ জন। এছাড়া পাকিস্তান থেকে ৭৯৭ জন, সুদান থেকে ৬৮১ জন এবং মিশর থেকে ৫৩৪ জন ইতালিতে পৌঁছেছেন।
এছাড়াও টিউনিসিয়া, মালি, এরিত্রিয়া এবং মরক্কো সহ আরও কয়েকটি দেশের নাগরিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এপ্রিল মাসের দৈনিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, কোনো কোনো দিনে অভিবাসীর সংখ্যা শূন্য থাকলেও কিছু দিনে উল্লেখযোগ্য আগমন ঘটেছে। যেমন ২০ এপ্রিল ২১৬ জন অভিবাসী পৌঁছালেও ২১ এপ্রিল তা কমে দাঁড়ায় মাত্র ২৪ জনে।
অন্যদিকে, অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীর সংখ্যাও কমেছে। ২০২৬ সালের ২০ এপ্রিল পর্যন্ত এমন অভিবাসীর সংখ্যা ১ হাজার ৪৯৫ জন। যেখানে ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১২ হাজার ১৭৭ এবং ২০২৪ সালে ছিল ৮ হাজার ৭৫২ জন।
বিশ্লেষকরা বলছেন, সামগ্রিকভাবে অভিবাসন প্রবাহ কমলেও নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের প্রবণতা এখনও উচ্চ রয়েছে।
