ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের প্রথম জানাজা টাম্পা শহরে অনুষ্ঠিত

missing phd student in USA

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় বাদ জোহর টাম্পা শহরের ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী লিমনের জানাজায় সহপাঠী, স্বজন, প্রবাসী বাংলাদেশি, মায়ামিতে বাংলাদেশের কনস্যুলেটের কনসাল জেনারেল এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

নিহত লিমনের মরদেহ আগামী ৪ মে দেশে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহটি ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো বিমানবন্দর থেকে একটি আন্তর্জাতিক ফ্লাইটে রওনা হবে। পথে দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ফ্লোরিডার টাম্পা শহরে সম্প্রতি এক হত্যাকাণ্ডের ঘটনায় নিহত হন বাংলাদেশি এই শিক্ষার্থী, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।