মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী শনিবার (৩১ অক্টোবর) থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারে শুরু হবে। এর আগে করা কোনো পরীক্ষা গ্রহণযোগ্য হবে না। ওই পরীক্ষার ভিত্তিতে বহির্গমন ছাড়পত্রের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে না।
বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি অনুমোদন নিশ্চিত না হয়ে কাউকে পাসপোর্ট বা টাকা না দেওয়ার জন্যও কর্মীদের সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের সেই তালিকা দেখে পরীক্ষা করানোর অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা মেনে চলা ও সক্ষমতা বিবেচনায় কোনো কেন্দ্র তালিকা থেকে বাদ পড়তে পারে। আবার নতুন কেন্দ্রও যুক্ত হতে পারে।
মন্ত্রণালয়ের নজরে এসেছে, কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি সরকারি অনুমোদন ছাড়া কর্মীদের পরীক্ষা করতে বা করাতে পারবে না। অনুমোদিত কেন্দ্রের হালনাগাদ তথ্যের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খোঁজ রাখতে হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নথি এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ করা হতে পারে। রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত ও মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলের ব্যবস্থাও নেওয়া হতে পারে।
অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা এ ধরনের কার্যক্রমের তথ্য জানা থাকলে প্রমাণসহ মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। অভিযোগে ঘটনার তারিখ, স্থান এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে। অভিযোগ পাঠানোর ইমেইল: secretary@probashi.gov.bd।
