মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম

motorcycle front number plate brta

মোটরসাইকেলের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। সংশোধিত বিধান অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাইকের নকশা অনুযায়ী বিভিন্ন মাপের সামনের নম্বরপ্লেট ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষমতাও পেয়েছে সংস্থাটি।

সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করে এ পরিবর্তন আনা হয়েছে। গত ২৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনটি রোববার (১ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিদ্যমান বিধিগত জটিলতা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারার ক্ষমতাবলে বিধিমালার ৩৬ বিধিতে সংশোধনী আনা হয়।

নতুন বিধানে প্রচলিত বিন্যাসের পাশাপাশি একটি আনুভূমিক রেখায় রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে। তবে কোন মাপের প্লেট ব্যবহার করা যাবে কিংবা নম্বরের বিন্যাস কেমন হবে, তা নির্ধারণ করবে বিআরটিএ। অর্থাৎ পরিবর্তনটি মালিকদের ইচ্ছামতো নম্বরপ্লেট তৈরির অনুমতি নয়; বিকল্প বিন্যাস অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।

সংশোধিত নিয়মে সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাপ এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা নির্ধারণ করতে পারবে বিআরটিএ। প্লেটের ফাঁকা জায়গা, দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং হাইফেনের দৈর্ঘ্যও সংস্থাটি নির্ধারণ করতে পারবে।

এক লাইনে নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের বিধান রাখা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন দৈর্ঘ্য ও প্রস্থের রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট অনুমোদনের সুযোগ রয়েছে।

প্রজ্ঞাপনে বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

এদিকে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এ কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারিত ছিল। বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন কঠিন হবে বিবেচনায় সময় বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বিআরটিএ।

সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পেছনের অনুমোদিত আরএফআইডি নম্বরপ্লেটের পাশাপাশি সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা দিয়েছিল সংস্থাটি। সংশ্লিষ্ট গণবিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল।