চ্যাম্পিয়নস লিগে প্রথম দুই ম্যাচে দুই জয়। এবার ঘরের মাঠে ভিয়ারিয়ালকে হারিয়ে ইউরোপে জয়ের ধারা ধরে রাখার সুযোগ লিভারপুলের। তবে গুরুত্বপূর্ণ দুজনকে ছাড়াই নামতে হচ্ছে আন্দোনি ইরাওলার দলকে। চোটের কারণে এই ম্যাচে নেই দমিনিক সোবোসলাই ও জেরেমি ফ্রিম্পং।
মঙ্গলবার (২০ অক্টোবর) আনফিল্ডে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচ শুরু মঙ্গলবার দিবাগত রাত ১টায়, অর্থাৎ বুধবার (২১ অক্টোবর) প্রথম প্রহরে।
আরও পড়ুন: পিএসজি–বার্সেলোনা আজ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন
ছয় পয়েন্ট থেকে এগিয়ে যাওয়ার সুযোগ
প্রথম দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট পাওয়া লিভারপুলের সামনে এবার নয় পয়েন্টে পৌঁছানোর সুযোগ। আনফিল্ডের সাম্প্রতিক ইউরোপীয় পরিসংখ্যানও স্বাগতিকদের পক্ষে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ও লিগ পর্ব মিলিয়ে ঘরের মাঠে সর্বশেষ ১৬ ম্যাচের ১৫টিতেই জিতেছে তারা।
ইউরোপের বাইরে সর্বশেষ ম্যাচেও জয় পেয়েছে লিভারপুল। শনিবার প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে তাদের মাঠে ২–১ গোলে হারিয়েছে ইরাওলার দল। অন্যদিকে ভিয়ারিয়াল লা লিগায় নিজেদের মাঠে এলচের সঙ্গে গোলশূন্য ড্র করে ইংল্যান্ডে এসেছে।
ভিয়ারিয়ালের ইউরোপীয় শুরুটা অবশ্য মিশ্র। বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ৩–২ গোলে হারার পর নাপোলিকে ঘরের মাঠে ৩–১ গোলে হারিয়েছে স্প্যানিশ দলটি। সেই জয়ে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে টানা সাত হারের ধারা ভেঙেছে তারা।
সোবোসলাই–ফ্রিম্পংকে ছাড়াই লিভারপুল
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন সোবোসলাই ও ফ্রিম্পং। ফ্রিম্পংয়ের নতুন পেশির চোট হয়েছে। সোবোসলাইয়ের ক্ষেত্রে পুরোনো চোটের জায়গায় আবার সমস্যা দেখা দিয়েছে। দুজনই ভিয়ারিয়ালের বিপক্ষে অনুপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে লিভারপুল।
রায়ান গ্রাভেনবার্খকে অবশ্য বিবেচনায় রাখতে পারবেন ইরাওলা। শনিবার প্রিমিয়ার লিগের এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন এই মিডফিল্ডার। তবে কনর ব্র্যাডলি, হুগো একিতিকে ও জিওভান্নি লিওনি এখনো চোটের কারণে বাইরে আছেন।
ভিয়ারিয়ালের জন্য স্বস্তির খবর, হ্যামস্ট্রিংয়ের চোটে তিন ম্যাচ না খেলা টেজন বুকানন সোমবার অনুশীলনে ফিরেছেন। তবে অনুশীলনে ফেরা মানেই ম্যাচে খেলা নিশ্চিত নয়।
আনফিল্ডে দুই বন্ধুর পুনর্মিলন
ডাগআউটেও থাকছে আলাদা গল্প। ইরাওলা ও ইনিগো পেরেজ একসময় অ্যাথলেটিক ক্লাবে সতীর্থ ছিলেন। পরে ২০২২–২৩ মৌসুমে রায়ো ভায়েকানোয় ইরাওলার সহকারী হিসেবে কাজ করেছেন পেরেজ। এবার চ্যাম্পিয়নস লিগে দুজন থাকবেন প্রতিপক্ষের ভূমিকায়।
পেরেজ জানিয়েছেন, আনফিল্ডের তীব্র আবহ ও লিভারপুলের চাপ সামলাতে হলেও সাহস নিয়েই খেলতে চান তাঁরা। এমন মঞ্চে ক্লাবের প্রতিনিধিত্ব করাকে গর্বের বিষয় হিসেবে দেখছেন ভিয়ারিয়াল কোচ।
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে লিভারপুল
আগের চার দেখায় তিনবার জিতেছে লিভারপুল, একবার ভিয়ারিয়াল। চারটি ম্যাচই ছিল ইউরোপীয় প্রতিযোগিতার সেমিফাইনালে। ২০১৬ সালের ইউরোপা লিগে দুই লেগ মিলিয়ে ৩–১ ব্যবধানে এগিয়ে ফাইনালে উঠেছিল লিভারপুল। আনফিল্ডে ফিরতি ম্যাচটি তারা জিতেছিল ৩–০ গোলে।
২০২২ সালের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালেও দুই লেগ জেতে ইংলিশ ক্লাবটি। আনফিল্ডে ২–০ জয়ের পর ভিয়ারিয়ালের মাঠে জেতে ৩–২ গোলে। ফলে আগের দুই আনফিল্ড সফরে কোনো গোল করতে পারেনি স্প্যানিশ দলটি।
