ইয়ামাল–দেম্বেলে: প্যারিসের বড় ম্যাচে নজর দুই তারকায়

yamal-dembele-psg-barcelona

গোল করা ও গোল বানানোয় দুর্দান্ত ছন্দে লামিনে ইয়ামাল। উসমান দেম্বেলের সামনেও বিশেষ এক সুযোগ—পুরোনো ক্লাবের বিপক্ষে গোল করে চ্যাম্পিয়নস লিগে পিএসজির একটি রেকর্ড ছোঁয়া। প্যারিসে পিএসজি–বার্সেলোনার বড় ম্যাচে আক্রমণের এই দুই তারকায় তাই বাড়তি নজর।

মঙ্গলবার (২০ অক্টোবর) পার্ক দে প্রাঁসে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচ শুরু মঙ্গলবার দিবাগত রাত ১টায়, অর্থাৎ বুধবার (২১ অক্টোবর) প্রথম প্রহরে।

আরও পড়ুন: পিএসজি–বার্সেলোনা আজ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন

ইয়ামালের ১১ ম্যাচে ১৯ গোলে অবদান

২০২৬–২৭ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ১১ ম্যাচে ৯ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। সরাসরি ১৯ গোলে অবদান রাখা ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড হান্সি ফ্লিকের আক্রমণের অন্যতম প্রধান ভরসা।

ডান প্রান্তে প্রতিপক্ষকে কাটিয়ে এগোনো, সুযোগ তৈরি করা এবং নিজেই আক্রমণ শেষ করার সামর্থ্য তাঁকে আলাদা করে। পিএসজির জন্য কৌশলগত চ্যালেঞ্জ হতে পারে ইয়ামালের দিকে বাড়তি নজর দিয়েও বার্সেলোনার অন্য আক্রমণকারীদের জায়গা না দেওয়া।

শনিবার রিয়াল বেতিসকে ৫–২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ১১ প্রতিযোগিতামূলক ম্যাচেই জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগার নয় জয়ের সঙ্গে আছে চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্ড ও গালাতাসারাইয়ের বিপক্ষে দুই জয়। সেই ধারাবাহিকতা নিয়েই ইয়ামালদের সামনে এবার টানা দুইবারের ইউরোপসেরা পিএসজি।

দেম্বেলের সামনে কাভানিকে ছোঁয়ার সুযোগ

দেম্বেলে আসছেন ইউরোপে টানা গোলের ফর্ম নিয়ে। ক্লাবের হিসাবে, নিজের সর্বশেষ ছয় চ্যাম্পিয়নস লিগ ম্যাচেই গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড। বার্সেলোনার বিপক্ষেও গোল পেলে টানা সাত ম্যাচে গোল করার কীর্তি গড়বেন তিনি। তাতে পিএসজির খেলোয়াড় হিসেবে এদিনসন কাভানির রেকর্ড ছুঁয়ে ফেলবেন।

২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেওয়া দেম্বেলে ২০২৩ সালে পিএসজিতে আসেন। লুইস এনরিকের অধীনে দুই পায়ে শট নিতে পারা এই আক্রমণকারী আরও কার্যকর গোলদাতা হয়ে উঠেছেন। ২০২৫ সালের ব্যালন ডি’অরজয়ীর জন্য পুরোনো ক্লাবের বিপক্ষে ম্যাচটি তাই নিজের ধারাবাহিকতা ধরে রাখারও সুযোগ।

সর্বশেষ লিগ ম্যাচে স্ত্রাসবুরের মাঠে পিছিয়ে পড়েও ৩–১ গোলে জিতেছে পিএসজি। সেই ম্যাচে বদলি নেমে গোল ও অ্যাসিস্টে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন দেম্বেলে।

আরও পড়ুন: পেনাল্টি মিসের পর দেম্বেলের নায়কোচিত ফেরা, পিএসজির টানা ষষ্ঠ জয়

আক্রমণের সঙ্গে রক্ষণেরও পরীক্ষা

দুই দলের আক্রমণের শক্তির পাশাপাশি রক্ষণ নিয়েও প্রশ্ন থাকছে। পিএসজি এ মৌসুমের প্রথম ১০ ম্যাচে মাত্র একবার জাল অক্ষত রাখতে পেরেছে। অন্যদিকে বেতিসের বিপক্ষে চোট পাওয়া জুল কুন্দে ও এরিক গার্সিয়াকে এই ম্যাচে পাচ্ছে না বার্সেলোনা। দুই তারকার সামর্থ্য সামলানোর কাজটি তাই দুই কোচের জন্যই বাড়তি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।