হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা

ncp-files-case-over-habiganj-attack

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে এনসিপি।

বুধবার (২৯ জুলাই) রাতে দায়ের করা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ রায়।

তিনি জানান, মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয়ের প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বুধবার জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এনসিপি।

অন্যদিকে, একই সময়ে বিএনপিও কর্মসূচি ঘোষণা করায় শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে জেলা প্রশাসন হবিগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে।

পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।