নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন কর্মভিসা, কাজের সুযোগ ছয় মাস

Newzealand short term graduate work visa

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ বাড়াতে নতুন কর্মভিসা চালু করেছে দেশটির সরকার। ‘শর্ট টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ (Short-term Graduate Work Visa) নামের এই ভিসার আওতায় যোগ্য বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর আরও ছয় মাস দেশটিতে অবস্থান ও কাজের সুযোগ পাবেন।

মূলত যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী প্রচলিত পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য নন, তাঁদের জন্য নতুন এই সুযোগ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের যোগ্য শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের (আইএনজেড) ২৩ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভিসার অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে ১৬ নভেম্বর আবেদন চালুর কথা থাকলেও মাইক্রোসফটের বৈশ্বিক প্রযুক্তিগত বিভ্রাটের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

কারা আবেদন করতে পারবেন

নিউজিল্যান্ডের যোগ্যতা ও সনদ কাঠামো (এনজেডকিউসিএফ) অনুযায়ী লেভেল ৫ থেকে ৭ পর্যন্ত ডিগ্রিবহির্ভূত শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য যেসব শর্ত পূরণ করতে হবে—

  • নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা সম্পন্ন করতে হবে।
  • ইংরেজি ভাষা শিক্ষা, ফাউন্ডেশন, ব্রিজিং কোর্স ও মাইক্রো-ক্রেডেনশিয়াল গ্রহণযোগ্য হবে না।
  • পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য হওয়া যাবে না।
  • স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে।
  • জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য অন্তত পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে।
  • আগে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা বা শর্ট টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা পাওয়া যাবে না।
  • স্বাস্থ্য ও চরিত্রসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

নতুন কর্মভিসায় যেসব সুযোগ পাওয়া যাবে

নতুন কর্মভিসার আওতায় শিক্ষার্থীরা নিউজিল্যান্ডের যেকোনো অঞ্চলে নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। কাজের ক্ষেত্রেও নির্দিষ্ট পেশার বাধ্যবাধকতা থাকবে না। তবে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা বা পরিচালনার সুযোগ থাকছে না।

এই ভিসার মেয়াদকালে যোগ্য চাকরি পেলে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসার (এইডব্লিউডব্লিউভি) জন্য আবেদন করা যাবে।

স্বামী-স্ত্রী ও সন্তানদের জন্য কী সুবিধা রয়েছে

নতুন ভিসার আবেদনে স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল সন্তানদের অন্তর্ভুক্ত করা যাবে না। তবে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে তাঁদের ভিজিটর ভিসার আবেদনে সহায়তা করতে পারবেন ভিসাধারীরা।

এ ছাড়া স্বামী বা স্ত্রী নিজ যোগ্যতায় আলাদা কর্মভিসা এবং সন্তানেরা আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ভিসার মেয়াদ বাড়ানো যাবে কি

শর্ট টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার সর্বোচ্চ মেয়াদ ছয় মাস। একজন আন্তর্জাতিক শিক্ষার্থী জীবনে একবারই এ ভিসা পাবেন। একই ভিসার মেয়াদ বাড়ানো বা দ্বিতীয়বার এ ভিসার জন্য আবেদন করার সুযোগ নেই।

আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে

  • বৈধ পাসপোর্ট
  • নির্ধারিত মানের ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সনদ
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র
  • আর্থিক সামর্থ্যের প্রমাণ
  • স্টুডেন্ট ভিসার তথ্য
  • প্রয়োজন অনুযায়ী মেডিকেল সনদ, বুকের এক্স-রে ও পুলিশ ক্লিয়ারেন্স
  • প্রযোজ্য ক্ষেত্রে সরকারি শিক্ষাবৃত্তি প্রদানকারী কর্তৃপক্ষের লিখিত অনুমোদন

নতুন কর্মভিসার আবেদন ফি কত

নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, নতুন কর্মভিসার আবেদন ফি শুরু হয়েছে ১ হাজার ৬৭০ নিউজিল্যান্ড ডলার থেকে। আবেদনকারীর অবস্থান ও পরিস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ফি ভিন্ন হতে পারে।

আবেদন ফি ছাড়াও নিউজিল্যান্ডে অবস্থানকালে নিজের জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য অন্তত পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলারের আর্থিক সামর্থ্য দেখাতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের ‘এনহ্যান্সড ইমিগ্রেশন অনলাইন’ (এডিইপিটি) প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটে অ্যাকাউন্টে লগইন করে প্রয়োজনীয় তথ্য, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও অন্যান্য কাগজপত্র জমা দিয়ে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

আবেদন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের সরকারি ওয়েবসাইটে।