ওরিয়ন ফার্মায় আর্থিক অনিয়মের শঙ্কা, বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ

orion pharma

ঔষধ খাতের তালিকাভুক্ত কোম্পানি Orion Pharma Limited-এর বিনিয়োগকারীদের অর্থ তছরুপের আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। দেউলিয়া ও খেলাপি ঋণগ্রস্ত একটি ব্যাংকে বিপুল অঙ্কের ফিক্সড ডিপোজিট (এফডিআর) রাখার বিষয়টি সামনে আসার পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সূত্র জানায়, খেলাপি ঋণে জর্জরিত Social Islami Bank-এ কোটি টাকার বেশি ফিক্সড ডিপোজিট রেখেছে ওরিয়ন ফার্মা। ব্যাংকটি ইতোমধ্যে একীভূত হয়ে নতুন একটি সম্মিলিত ইসলামী ব্যাংক কাঠামোর অংশ হয়েছে বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুনে সোশ্যাল ইসলামি ব্যাংকে ওরিয়ন ফার্মার এফডিআর ছিল ১ কোটি ১২ লাখ ২০ হাজার ৬১০ টাকা। ২০২৬ সালের ৩১ মার্চে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ১৯ লাখ ৪ হাজার ৮৪০ টাকায়।

নয় মাসে এই এফডিআর বৃদ্ধি পেয়েছে প্রায় ৬ লাখ ৮৪ হাজার টাকা।

অন্যদিকে কোম্পানিটি গত অর্থবছরে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানির লোকসান দাঁড়িয়েছে ২২ কোটি ১৩ লাখ টাকার বেশি, যা আগের বছরের তুলনায় কয়েকগুণ বেশি।

কোম্পানির হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে মোট রাজস্ব দাঁড়িয়েছে ২২৮ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০৭ কোটি টাকা কম।

বিশ্লেষকরা বলছেন, বিশেষ করে পাওয়ার জেনারেশন খাত থেকে আগের বছর বড় অঙ্কের রাজস্ব এলেও চলতি বছরে ওই খাত থেকে কোনো আয় না আসায় কোম্পানির আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সূত্র আরও জানায়, ২০২৬ সালের মার্চ পর্যন্ত কোম্পানির দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৬৫৮ কোটি টাকার বেশি। এত বড় ঋণ এবং আয় কমে যাওয়ার কারণে কোম্পানির আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, বর্তমান পরিস্থিতিতে কোম্পানির নগদ প্রবাহ ও ঋণ পরিশোধ সক্ষমতা মারাত্মক চাপে পড়তে পারে।

অর্থনীতিবিদদের মতে, দুর্বল ব্যাংকে বড় অঙ্কের আমানত এবং ধারাবাহিক লোকসান বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।