পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে কাতারে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে অবশেষে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি।
মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটে তাদের মরদেহ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রিয়জনদের শেষবারের মতো গ্রহণ করতে ভোর থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতদের স্বজনরা। একে একে কফিন বেরিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। হৃদয়বিদারক এই দৃশ্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেন। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেকও তুলে দেওয়া হয়।
পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে মরদেহগুলো কানাইঘাট উপজেলার নিজ নিজ গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।
স্বজনদের আহাজারি আর গ্রামের মানুষের শোকে ভারী হয়ে উঠেছে পুরো কানাইঘাট। জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া পাঁচ তরুণের এমন মর্মান্তিক মৃত্যু এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।
