চলতি মাসের প্রথম ২৯ দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা ৩ দশমিক শূন্য শূন্য ২ বিলিয়ন ডলারের সমান। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৩৫ লাখ ডলার।
গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯২১ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে প্রায় ১৯ দশমিক ৮০ শতাংশ।
এর আগে গত মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে।
এছাড়া ফেব্রুয়ারি মাসে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। গত ডিসেম্বর মাসে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বর মাসে ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে দেশে। আর আগস্ট ও জুলাই মাসে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
