নিজের ম্যাচসেরার পুরস্কার আল হামদানকে দিলেন রোনালদো

ronaldo-man-of-match-award-al-hamdan

গোল করে আল নাসরের জয়ে অবদান রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচসেরার পুরস্কারের জন্যও বেছে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পুরস্কারটি নিজের কাছে রাখেননি পর্তুগিজ তারকা। সতীর্থ আব্দুল্লাহ আল হামদানকে ডেকে এনে সেটি তাঁর হাতে তুলে দিয়েছেন।

শুক্রবার, ২৩ অক্টোবর সৌদি প্রো লিগের একাদশ রাউন্ডে আল ফয়সালিকে ৩–১ গোলে হারায় আল নাসর। আল-মাজমাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে দলের হয়ে একটি করে গোল করেন আল হামদান, রোনালদো ও অ্যাঞ্জেলো।

ম্যাচ শেষে আল হামদানকে সঙ্গে নিয়ে পুরস্কার নেওয়ার জায়গায় যান রোনালদো। হাসিমুখে সতীর্থের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দিয়ে একসঙ্গে ছবিও তোলেন।

এক গোল ও এক অ্যাসিস্ট আল হামদানের

আল নাসরের জয়ে আল হামদানের অবদান ছিল বড়। চতুর্থ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় সফরকারীরা। পরে অ্যাঞ্জেলোর গোলটিও বানিয়ে দেন সৌদি ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান রোনালদো। ৪৯তম মিনিটে স্বদেশি জোয়াও ফেলিক্সের ফ্রি কিক থেকে আসা বলে হেড করে আল নাসরকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

আল হামদানের পাস থেকে আরেকবার বল জালে পাঠিয়েছিলেন রোনালদো। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৬৬তম মিনিটে থিও বংগোন্দা আল ফয়সালির ব্যবধান কমালেও ৭৯তম মিনিটে অ্যাঞ্জেলোর গোল আল নাসরের জয় নিশ্চিত করে।

১ হাজার গোল থেকে আর ১৮ দূরে

আল ফয়সালির বিপক্ষে গোলটি দিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮২। অফিশিয়াল ম্যাচে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আরও ১৮টি।

রোনালদোর গোলের হালনাগাদ হিসাব অনুযায়ী, ক্লাব ফুটবলে ১ হাজার ১০৯ ম্যাচে তাঁর গোল ৮৩৬টি। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল।

ক্লাবের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৪৫০ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫, আল নাসরে ১৩৫, জুভেন্টাসে ১০১ ও স্পোর্টিং লিসবনে তাঁর গোল ৫টি।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে তাঁর গোল হয়েছে ৬টি—সৌদি প্রো লিগে ৫টি ও এশিয়ান চ্যাম্পিয়নস লিগে একটি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা: সময় ও চ্যানেল