ওমরাহ যাত্রীদের জন্য নতুন সুবিধা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। দেশটি এক বছর মেয়াদি ‘মাল্টিপল এন্ট্রি’ ওমরাহ ভিসা চালু করেছে, যার মাধ্যমে ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং মোট ৯০ দিন পর্যন্ত অবস্থান করার সুযোগ পাবেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে যাত্রীরা প্রয়োজন অনুযায়ী একাধিকবার সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। তবে ৯০ দিনের অবস্থান প্রতিটি সফরের দিন যোগ করে মোট হিসাব করা হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই মাল্টিপল এন্ট্রি ওমরাহ ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করা যাবে না। এছাড়া ওমরাহ প্যাকেজের মেয়াদ ভিসায় অবশিষ্ট থাকা সময়ের বেশি হতে পারবে না।
নুসুক প্ল্যাটফর্মে প্যাকেজ কেনা বাধ্যতামূলক
নতুন ভিসা ব্যবহার করতে হলে প্রতিটি সফরের জন্য ‘নুসুক’ (Nusuk) প্ল্যাটফর্মে নিবন্ধিত অনুমোদিত সেবাদাতার কাছ থেকে ওমরাহ প্যাকেজ বা সেবা ক্রয় করতে হবে।
এছাড়া সৌদি আরবে প্রতিবার প্রবেশের আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করা বাধ্যতামূলক। পারমিটের তারিখ এবং অনুমোদিত প্যাকেজের তারিখের মধ্যে মিল থাকতে হবে এবং ভ্রমণসংক্রান্ত সব নিয়ম অনুসরণ করতে হবে।
প্রতিবার প্রস্থানের পর ভিসা সাময়িক স্থগিত
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব থেকে প্রতিবার বের হওয়ার পর ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে সাময়িক স্থগিত হবে। পরবর্তী সফরের আগে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে ভিসাটি আবার সক্রিয় হবে।
ভিসার মেয়াদের মধ্যে অবশিষ্ট দিনগুলো স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে এবং পরবর্তী সফরে ব্যবহার করা যাবে। নতুন এই মাল্টিপল এন্ট্রি ওমরাহ ভিসা চালুর ফলে নিয়মিত ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে যাতায়াত আরও সহজ ও নমনীয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
