সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে পাঁচ ফ্লাইট বাতিল

bangladesh Airport

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত এসব ফ্লাইট বাতিল হয়েছে। এতে সৌদিগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, রিয়াদের বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে নির্ধারিত কয়েকটি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি এবং সৌদি আরবের বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪, এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪ নম্বর ফ্লাইটের উল্লেখ রয়েছে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে রিয়াদগামী বিজি ৩৩৯ নম্বর ফ্লাইটটিও বাতিল করা হয়েছে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ রিয়াদগামী রাতের ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছিল।

এদিকে সৌদি আরবের আকাশপথে অস্থিরতার প্রভাব পড়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনায়ও। গতকাল শনিবার সংস্থাটির বিএস ৩৮১ নম্বর ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে। ফ্লাইটটির শনিবার বেলা ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও শেষ পর্যন্ত রোববার ভোর ৩টা ১০ মিনিটে অবতরণ করে। এতে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ১২ ঘণ্টা দেরি হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। হামলার পর নিরাপত্তার কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থার ফ্লাইট বাতিল ও গতিপথ পরিবর্তনের ঘটনা ঘটেছে।

রিয়াদের বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত ঢাকা–রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে। এ অবস্থায় সৌদি আরবগামী যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।