ভাড়া কমানোর দাবিতে স্পেনে বিক্ষোভ, সাধারণ ধর্মঘটের আহ্বান

spain housing protests rent crisis

আবাসনসংকটের সমাধান ও ভাড়াটিয়াদের সুরক্ষার দাবিতে স্পেনের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার (৩ অক্টোবর) মাদ্রিদে বড় সমাবেশ থেকে সাধারণ ধর্মঘটের আহ্বান জানানো হয়। এর আগের দিন দেশটির সংসদে সরকারের আবাসনসংক্রান্ত দুটি ডিক্রি প্রত্যাখ্যাত হয়।

মাদ্রিদে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে আয়োজক ও কর্তৃপক্ষের হিসাবে বড় ব্যবধান রয়েছে। ভাড়াটিয়াদের সংগঠন সিনদিকাতো দে ইনকিলিনাসের দাবি, প্রায় পাঁচ লাখ মানুষ বিক্ষোভে যোগ দিয়েছেন। তবে সরকারি প্রতিনিধির কার্যালয় জানিয়েছে, সংখ্যাটি প্রায় ৭০ হাজার। শহরের চার দিক থেকে আসা মিছিলগুলো সিবেলেস চত্বরে মিলিত হয়। মাদ্রিদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল।

বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে বাড়িভাড়া ৫০ শতাংশ কমানো, অনির্দিষ্ট মেয়াদের ভাড়ার চুক্তি এবং বড় বিনিয়োগ তহবিলের মালিকানায় থাকা আবাসন অধিগ্রহণ। আয়োজকেরা বলছেন, আবাসন নিয়ে মানুষের প্রত্যাশার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের দূরত্ব বাড়ছে।

সাধারণ ধর্মঘটের কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ভাড়াটিয়া সংগঠনের মুখপাত্র ভালেরিয়া রাকু জানিয়েছেন, অন্য সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি ঠিক করতে চান তাঁরা। Euronews

ভ্যালেন্সিয়ায় অবশ্য বিক্ষোভের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। কিছু বিক্ষোভকারী ব্যারিকেড সরিয়ে পুলিশের দিকে বস্তু ছুড়ে মারলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। শহরের শিল্প ও বিজ্ঞান কমপ্লেক্সের একটি অংশে ঢুকে পড়া বিক্ষোভকারীদের পরে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে ভারী বৃষ্টির কারণে বার্সেলোনা ও ল’হসপিতালেত দে লিয়োব্রেগাতে নির্ধারিত মিছিল বাতিল হয়।

আন্দোলনের পটভূমিতে রয়েছে শুক্রবারের সংসদীয় ভোট। ভাড়াটিয়াদের সুরক্ষা ও উচ্ছেদ ঠেকাতে আনা প্রথম ডিক্রির পক্ষে পড়ে ১৭২ ভোট, বিপক্ষে ১৭৮। ভাড়ার চুক্তির অনির্দিষ্ট মেয়াদে সম্প্রসারণসংক্রান্ত দ্বিতীয় ডিক্রি প্রত্যাখ্যাত হয় ১৬৬–১৮৪ ভোটে।

এই পরাজয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের সরকারের ওপর রাজনৈতিক চাপ বেড়েছে। আগাম নির্বাচন নিয়ে আলোচনা শুরু হলেও কোনো ঘোষণা আসেনি। সরকারের জোটসঙ্গীরাও পরিস্থিতি মূল্যায়ন করছে বলে জানিয়েছে স্পেনের সংবাদ সংস্থা ইএফই।

সাম্প্রতিক আন্দোলনের কেন্দ্রে রয়েছেন ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল। গত ২৩ সেপ্টেম্বর মাদ্রিদের যে বাড়িতে তিনি প্রায় ৭০ বছর বসবাস করেছেন, সেখান থেকে তাঁকে উচ্ছেদ করা হয়। ঘটনাটি দেশজুড়ে ক্ষোভ ছড়ায় এবং বিভিন্ন শহরের চত্বরে অবস্থান কর্মসূচি শুরু হয়।

আবাসন অধিকারকর্মীদের অভিযোগ, বাড়িটি কেনার পর নতুন মালিকপক্ষ তাঁর ভাড়া ২৭৫ শতাংশ বাড়াতে চেয়েছিল। প্রতিবাদের মুখে পরে কম ভাড়ায় তাঁকে ফিরতে দেওয়ার বিষয়ে সমঝোতা হয়। মাদ্রিদের পুয়ের্তা দেল সল চত্বরে আন্দোলনকারীদের অবস্থানও অব্যাহত রয়েছে।