যুক্তরাষ্ট্র ভিসার নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন বিদেশি নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, করদাতাদের অর্থে পরিচালিত সরকারি জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার বা সেসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভিসা বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে।
শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়।
দূতাবাস জানায়, বিদেশি দর্শনার্থীরা যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন অথবা এসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ করে অনভিবাসী (Non-Immigrant) ভিসাধারীরা যদি এ ধরনের সুবিধার অপব্যবহার করেন, তাহলে তাদের ভিসা বাতিল করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন।
মার্কিন দূতাবাস ভ্রমণকারীদের উদ্দেশে জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের খরচ নিজে বহন করার আর্থিক সক্ষমতা নিশ্চিত করেই ভ্রমণে যাওয়া উচিত। সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার পরিবর্তে ব্যক্তিগত অর্থনৈতিক প্রস্তুতি নিয়ে ভ্রমণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভিসা নীতির কঠোর প্রয়োগের অংশ। তাই যারা পর্যটন, ব্যবসা, চিকিৎসা বা অন্যান্য অনভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ভিসার শর্তাবলি মেনে চলা এবং সরকারি সুবিধা ব্যবহারের নিয়ম সম্পর্কে আগে থেকেই সচেতন থাকা প্রয়োজন।
