ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে কিছুটা স্থবির হয়ে পড়া বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় নয়াদিল্লি।
সাম্প্রতিক এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে ভারত অবগত রয়েছে।
তিনি বলেন, “নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে আমাদের জানানো হয়েছে। আমরা আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। দুই দেশের সম্পর্ক জোরদারে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।”
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন-পরবর্তী সময়ে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই বক্তব্য।
এদিকে একই ব্রিফিংয়ে সাংবাদিক গৌতম লাহিড়ী জানতে চান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সম্ভাব্য ঢাকা সফর সম্পর্কে ভারত সরকার অবগত কি না এবং সেই সফরের উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য রয়েছে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “মার্কিন রাষ্ট্রদূতের সফর প্রসঙ্গে আমাদের কাছে কোনো তথ্য নেই।”
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গতি কিছুটা মন্থর হয়ে পড়ে। তবে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ এবং নতুন প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আবারও স্বাভাবিক ও কার্যকর পর্যায়ে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।
