স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩০

spain-train-collision

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে তোলোদো প্রদেশে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উর্দা এলাকার কাছে মাদ্রিদ–সেভিয়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রেন একই লাইনে দাঁড়িয়ে থাকা অন্য ট্রেনের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের পর দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালে পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত রেনফের ট্রেনটিতে ৩৯৭ জন যাত্রী ছিলেন। অন্যটি ইরিও কোম্পানির ট্রেন। সেটিতেও এক শিশুসহ শতাধিক যাত্রী ছিলেন।

পাদিয়া প্রথমে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা জানিয়েছিলেন। পরে প্রকাশিত তথ্যে নিহতের সংখ্যা অন্তত ৩০ জনে পৌঁছানোর কথা জানানো হয়। আহত ব্যক্তিদের মোট সংখ্যা তখনো নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার কারণে মাদ্রিদ, সিউদাদ রেয়াল ও আন্দালুসিয়ার মধ্যে উচ্চগতির ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেবার যাত্রীদের বিনা খরচে টিকিট পরিবর্তন ও বাতিলের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে রেনফে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনার পরিস্থিতি পর্যবেক্ষণে তাঁর নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছেন। কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পাহেও কর্মসূচি বাতিল করে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।