স্পেনের মাদ্রিদ ও আভিলা অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য ১২৮ সদস্যের একটি বিশেষ যৌথ বাহিনী পাঠিয়েছে প্রতিবেশী দেশ পর্তুগাল। দাবানলের কারণে স্পেনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মধ্যেই পর্তুগালের দলটি অভিযানে যোগ দিতে রওনা হয়েছে।
পর্তুগালের ন্যাশনাল অথরিটি ফর ইমার্জেন্সি অ্যান্ড সিভিল প্রোটেকশন—এএনইপিসি জানিয়েছে, যৌথ পরিচালন বাহিনী বা ফোরসা অপেরাসিওনাল কনজুন্টা—ফোকন শনিবার বিকেল ৩টায় পর্তুগালের গুয়ার্দা শহর থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করে।
বাহিনীটিতে এএনইপিসির কমান্ড ও বিশেষ নাগরিক সুরক্ষা ইউনিটের সদস্য, বেইরাস ও সেরা দা এসত্রেলা অঞ্চলের দমকলকর্মী এবং পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ডের জরুরি সুরক্ষা ও উদ্ধার ইউনিটের কর্মকর্তারা রয়েছেন।
ফোকন দলের নেতৃত্ব দিচ্ছেন পর্তুগালের মেদিও তেজো অঞ্চলের জরুরি ও নাগরিক সুরক্ষাবিষয়ক উপ-আঞ্চলিক কমান্ডার ডেভিড লোবাতো। পর্তুগিজ সেনাবাহিনীও নিজেদের সংরক্ষিত মজুত থেকে ৫০০টি যুদ্ধকালীন খাবারের প্যাকেট সরবরাহ করে এই অভিযানে সহায়তা করেছে।
এএনইপিসি এক বিবৃতিতে জানিয়েছে, নাগরিক সুরক্ষা ও জরুরি পরিস্থিতিতে পারস্পরিক সহায়তার বিষয়ে পর্তুগাল ও স্পেনের মধ্যে কার্যকর থাকা প্রটোকলের অধীন এই অভিযান শুরু হয়েছে।
সংস্থাটি বলেছে, এই পদক্ষেপ জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুই প্রতিবেশী দেশের ঘনিষ্ঠ সহযোগিতাকে আরও জোরদার করছে।
প্রতিকূল আবহাওয়া ও উচ্চ তাপমাত্রার কারণে স্পেনের বিভিন্ন অঞ্চলে বড় আকারের দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থল ও আকাশপথে অতিরিক্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং জনবল মোতায়েনের প্রয়োজন দেখা দিয়েছে।
জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন
মাদ্রিদের পশ্চিমাঞ্চল এবং পার্শ্ববর্তী আভিলা প্রদেশের একাধিক দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর ২৪ জুলাই স্পেন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে। দাবানলের কারণে ভিলা দেল প্রাদো, সান মার্তিন দে ভালদেইগ্লেসিয়াস, পেলাইয়োস দে লা প্রেসা এবং আলদেয়া দেল ফ্রেসনোসহ বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
স্পেনের চলমান দাবানলে ভ্যালেন্সিয়া অঞ্চলে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাদ্রিদ অঞ্চলে ধোঁয়ার কারণে বায়ুর মান খারাপ হয়ে পড়ায় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্পেনে চলতি বছর দাবানলে পোড়া জমির পরিমাণ ইতোমধ্যে এক লাখ হেক্টর ছাড়িয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদ ও আভিলার দাবানল মোকাবিলায় একটি সমন্বিত জরুরি কমান্ড গঠন করেছেন। এর ফলে দুই অঞ্চলের দাবানলকে পৃথক ঘটনা হিসেবে না দেখে একই বিপর্যয়ের অংশ হিসেবে মোকাবিলা করা হবে।
মাদ্রিদের কাছে পরিস্থিতি পর্যবেক্ষণের সময় সানচেজ বলেন, সপ্তাহান্তে আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তন অগ্নিনির্বাপণকর্মীদের সামনে দাবানল নিয়ন্ত্রণে আনার একটি সুযোগ তৈরি করতে পারে। এ সময়ের মধ্যে মানুষের জীবন, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলে জানান তিনি।
পর্তুগালের পাশাপাশি ইতালি, গ্রিস ও ইউরোপের আরও কয়েকটি দেশ স্পেনের অগ্নিনির্বাপণ অভিযানে জনবল, বিমান ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহায়তা করছে। স্পেন ইতোমধ্যে হাজার হাজার জরুরি কর্মী এবং সামরিক বাহিনীর বিশেষ ইউনিট মোতায়েন করেছে।
কর্তৃপক্ষের মতে, অতিরিক্ত তাপমাত্রা, দীর্ঘ শুষ্ক আবহাওয়া এবং শুকিয়ে যাওয়া গাছপালা দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ। আগুনের গতি ও দিক ঘন ঘন পরিবর্তিত হওয়ায় অগ্নিনির্বাপণ অভিযান আরও কঠিন হয়ে পড়ছে।
ইউরোপের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের একাধিক দেশ একই সময়ে তীব্র দাবানলের মুখোমুখি হয়েছে। স্পেনের পাশাপাশি ফ্রান্সেও দাবানলের কারণে বিপুলসংখ্যক মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে।
স্পেনের কর্তৃপক্ষ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলা এবং সরিয়ে নেওয়ার নির্দেশ পেলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
