সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইন কনফারেন্সে অংশ নেওয়ার পর নতুন করে আলোচনায় আসা সাকিব আল হাসানের বাংলাদেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার (৭ আগস্ট) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে আমিনুল হক বলেন, সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ তিনি দেখছেন না।
সাকিবের রাজনৈতিক পরিচয়ই তার দেশে ফেরার পথে বড় বাধা বলে মনে করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে সাকিব ছিলেন, সেখান থেকে সরে গিয়ে রাজনৈতিক পরিচয় বেছে নেওয়ার পর তার দেশে ফিরে আসার সুযোগ নেই। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে একটি অনলাইন কনফারেন্সে অংশ নেন সাকিব। এরপর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, দ্রুত দেশে ফিরতে না পারলে ডিসেম্বর মাসে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার ইচ্ছা রয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, একজন খেলোয়াড় হিসেবে এতদিন সাকিবের বিষয়টি সহনশীলভাবে বিবেচনা করা হয়েছে। তবে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে এখন পরিস্থিতি ভিন্ন।
তিনি বলেন, সাকিব রাজনৈতিকভাবে বিতর্কিত একটি মঞ্চে দাঁড়িয়েছেন। এ কারণে দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই বলে তিনি মনে করেন।
আগের অবস্থান থেকে সরে গেলেন আমিনুল
তবে সাকিবের বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অবস্থান আগের তুলনায় কঠোর হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর তিনি সাকিব ও মাশরাফি বিন মুর্তজার জাতীয় দলে ফেরার বিষয়ে তুলনামূলকভাবে নমনীয় অবস্থানের কথা জানিয়েছিলেন।
তখন আমিনুল হক বলেছিলেন, সাকিব-মাশরাফির বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত সমাধানের মাধ্যমে তাদের আবার বাংলাদেশের ক্রিকেটে ফেরার সুযোগ তৈরি করতে চান। বিষয়টি সরকার অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে দেখবে বলেও জানিয়েছিলেন তিনি।
কিন্তু এবার সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রসঙ্গ তুলে ক্রীড়া প্রতিমন্ত্রী স্পষ্ট করলেন, তার দেশে ফেরা এবং জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ দেখছেন না।
