স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টার সময় একটি নৌকায় থাকা অন্তত ৫ আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। তবে একটি বেসরকারি অভিবাসন সহায়তা সংস্থার দাবি, একই নৌযাত্রায় নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
স্পেনের সামুদ্রিক উদ্ধার সংস্থা সালভামেন্তো মারিতিমো জানিয়েছে, বুধবার রাতে গ্রান কানারিয়ার প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরে ভাসতে থাকা একটি নৌকা থেকে সাব-সাহারান আফ্রিকার ৪৪ জন পুরুষকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তিনজনকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বাকি ৪১ জনকে নৌপথে নিরাপদে গ্রান কানারিয়ার আরগুইনেগিন বন্দরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ভোরে সেখানে পৌঁছানোর পর রেড ক্রসের কর্মীরা তাদের প্রয়োজনীয় সহায়তা দেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক ছিলেন। তারা মূলত মালি ও সেনেগালের নাগরিক বলে জানিয়েছে রেড ক্রস।
নৌকায় ছিল নারী ও শিশুও
রেড ক্রসকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকাটিতে শুরুতে ১০০ জনেরও বেশি মানুষ ছিলেন। তাদের মধ্যে নারী ও একটি শিশুও ছিল।
উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া—বিশেষ করে প্রবল বাতাস ও প্রায় ২ দশমিক ৫ মিটার উচ্চতার ঢেউ—উদ্ধারকারীদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন করে তুলেছিল। এ কারণে নৌকায় থাকা পাঁচটি মরদেহ তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে নৌকাটি বন্দরে নিয়ে যাওয়া হয়।
তবে স্পেনের একটি অভিবাসন সহায়তা সংস্থা আরও ভয়াবহ তথ্য দিয়েছে। সংস্থাটির মুখপাত্র হেলেনা মালেনো সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, গাম্বিয়া থেকে ২৭ দিন আগে যাত্রা করা একটি নৌকায় ৮৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন নারী ও একটি শিশুকন্যা ছিল বলে তাঁর দাবি।
তবে এই ৮৩ জনের মৃত্যুর তথ্য এবং স্পেনীয় উদ্ধারকারী সংস্থার উদ্ধার করা নৌকার ঘটনাটি একই কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্পেনের উদ্ধার সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, কথিত অন্য নিহতদের কাউকে এখনো উদ্ধার বা খুঁজে পাওয়া যায়নি। ফলে ৮৩ জনের মৃত্যুর সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
অত্যন্ত ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জ হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের জন্য এই সমুদ্রপথকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়। প্রবল স্রোত, প্রতিকূল আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রী বহনকারী ছোট নৌযানের কারণে প্রতিবছর এই পথে বহু প্রাণহানির ঘটনা ঘটে।
তবে সাম্প্রতিক সময়ে এই পথে স্পেনে পৌঁছানো অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সমুদ্রপথে ক্যানারি দ্বীপপুঞ্জে ৫ হাজার ১৬৩ জন অভিবাসী পৌঁছেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৫৭ শতাংশ কম।
২০২৪ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে সমুদ্রপথে অভিবাসী আগমন ৪৬ হাজার ছাড়িয়ে গিয়েছিল।
