ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর পৃথক দুটি থানায় দায়ের হওয়া মামলায় আদালতে সশরীরে হাজির হয়েও আগাম জামিন পাননি জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে হাজির হয়ে তিনি আগাম জামিনের আবেদন করলে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আবেদন দুটি গ্রহণ না করে তা ফেরত দেন এবং কার্য তালিকা থেকে বাদ (ডিলিট) দেওয়ার আদেশ দেন।
আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনজুরুল আলম সুজন জানান, যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুটি মামলায় জামিন চেয়ে চিত্রনায়ক রিয়াজ আবেদন করেছিলেন। কিন্তু আদালত জামিন না দিয়ে আবেদন দুটি ফেরত দিয়েছেন। আদেশের সময় আসামি নিজে আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে গত বছরের মে মাসে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আসামি করা হয়। এই তালিকায় চিত্রনায়ক রিয়াজসহ বেশ কয়েকজন বিনোদন অঙ্গনের শিল্পীর নাম রয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানার আরও একটি হত্যা মামলাতেও তিনি আসামি।
আদালত জামিন আবেদন ফেরত দেওয়ার পর তার আইনজীবী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা গেছে।
