দাপ্তরিক নথিতে আর ‘মহামান্য-মাননীয়’ নয়, সরকারের নতুন সিদ্ধান্ত

Cabinet Division

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে দাপ্তরিক যোগাযোগ ও সরকারি নথিপত্রে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিখিতভাবে ব্যবহার হবে না সম্মানসূচক শব্দ

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী, এতদিন রাষ্ট্রপতির পদবির আগে ‘মহামান্য’ এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মাননীয়’ শব্দ ব্যবহারের যে প্রচলন রয়েছে, সরকারি দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে তা আর লিখিতভাবে ব্যবহার করা হবে না।

একই সঙ্গে এসব পদবির আগে অন্য কোনো সম্মানসূচক শব্দও লিখিতভাবে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

অর্থাৎ দাপ্তরিক চিঠিপত্র, নথি ও সারসংক্ষেপে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির সরকারি পদবি ব্যবহার করা হবে। পরিপত্রটি সরকারের বিভিন্ন পর্যায়ের দাপ্তরিক যোগাযোগ ও নথি প্রস্তুতের ক্ষেত্রে অনুসরণের জন্য জারি করা হয়েছে।