ব্রাজিল–সিঙ্গাপুর ম্যাচে জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য সেলেসাওদের। জাপানের কাছে ৩–২ গোলের হারের পর আজ মঙ্গলবার আবার মাঠে নামছে ব্রাজিল। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
প্রতিপক্ষের নাম বিবেচনায় ব্রাজিলের জন্য ম্যাচটি সহজ মনে হতে পারে। তবে জাপানের বিপক্ষে হারের পর খেলায় উন্নতি দেখানোও জরুরি হয়ে উঠেছে। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি একাদশে পরিবর্তন এনে বিকল্প খেলোয়াড়দের পরীক্ষা করার প্রস্তুতি নিয়েছে ব্রাজিলের কোচিং দল।
সাত পরিবর্তনের আভাস
ব্রাজিলের সংবাদমাধ্যম জিই জানিয়েছে, সিঙ্গাপুর ম্যাচের আগে অনুশীলনে সাতটি পরিবর্তন এনে দল সাজিয়েছেন কার্লো আনচেলত্তি। জাপানের বিপক্ষে শুরুর একাদশ থেকে অনুশীলনের দলে জায়গা ধরে রেখেছেন গাব্রিয়েল মাগালিয়াইস, ব্রুনো গিমারায়েস, এস্তেভাও ও ভিনিসিয়ুস জুনিয়র।
আক্রমণে সুযোগ পাচ্ছেন এন্দ্রিক। জাপানের বিপক্ষে লাল কার্ড দেখা রাফিনিয়া নিষেধাজ্ঞায় থাকায় তরুণ এই ফরোয়ার্ডকে খেলানোর কথা আগেই নিশ্চিত করেছেন আনচেলত্তি। একই ম্যাচে বহিষ্কৃত হওয়ায় ব্রাজিল কোচ নিজেও আজ ডাগআউটে থাকতে পারবেন না।
সিঙ্গাপুরের জন্য প্রথম অভিজ্ঞতা
সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম ব্রাজিলের মুখোমুখি হচ্ছে সিঙ্গাপুর। ফিফা র্যাঙ্কিংয়ের ১৪৯তম দলটি আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরেছে ৪–১ গোলে। এবার ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছে তারা।
সিঙ্গাপুর কোচ গ্যাভিন লি প্রতিপক্ষের শক্তির পার্থক্য মেনে নিয়েছেন। তবে তাঁর খেলোয়াড়েরা ব্রাজিলের মুখোমুখি হওয়ার সুযোগ নিয়ে রোমাঞ্চিত বলে জানিয়েছেন তিনি। কঠিন চ্যালেঞ্জ হলেও দল ভয় নিয়ে মাঠে নামবে না—এমন বার্তাই দিয়েছেন স্বাগতিক কোচ।
ব্রাজিলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গ্লোবো, স্পোর্টভি ও জিই টিভি। দিনের অন্য ম্যাচগুলোর সময় জানতে দেখুন আজ টিভিতে যত খেলা।
