ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকেরা। ২০২৭ ও ২০২৮ সালে মোট ৩ লাখ ৩২ হাজার ৭০০ বিদেশি কর্মীর প্রবেশের কোটা নির্ধারণ করেছে দেশটির সরকার। মৌসুমি ও অমৌসুমি চাকরির পাশাপাশি স্বনিয়োজিত পেশায় যাওয়ার সুযোগও রাখা হয়েছে এই পরিকল্পনায়।
ইতালির ২০২৬–২০২৮ সালের ‘দেক্রেতো ফ্লুসি’ বা বিদেশি কর্মী প্রবেশের পরিকল্পনার আওতায় এসব কোটা নির্ধারিত হয়েছে। বাংলাদেশ সংশ্লিষ্ট অনুমোদিত দেশের তালিকায় রয়েছে। তবে ঘোষিত কোটা সব যোগ্য দেশের নাগরিকদের জন্য; পুরো সংখ্যা বাংলাদেশি কর্মীদের জন্য বরাদ্দ নয়।
২০২৭ সালের জন্য নিয়োগকর্তাদের আবেদন আগাম পূরণের কার্যক্রম এখন চলছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত এই ধাপ চলবে। চূড়ান্ত আবেদন পাঠানোর জন্য খাতভেদে আলাদা ‘ক্লিক ডে’ নির্ধারণ করা হয়েছে।
কোন বছরে কত কর্মীর কোটা
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মীর প্রবেশের সুযোগ রাখা হয়েছে। দুই বছরের খাতভিত্তিক হিসাব নিচে দেওয়া হলো।
| কাজের ধরন | ২০২৭ সালের কোটা | ২০২৮ সালের কোটা |
|---|---|---|
| অমৌসুমি চাকরি | ৭৬,২০০ | ৭৬,২০০ |
| কৃষি ও পর্যটনে মৌসুমি কাজ | ৮৯,০০০ | ৯০,০০০ |
| স্বনিয়োজিত পেশা | ৬৫০ | ৬৫০ |
| মোট | ১,৬৫,৮৫০ | ১,৬৬,৮৫০ |
ইতালির সরকারি আন্তমন্ত্রণালয় পরিপত্রে এই বিভাজন দেওয়া হয়েছে।
২০২৭ সালের অমৌসুমি চাকরির ৭৬ হাজার ২০০ কোটার মধ্যে পারিবারিক পরিচর্যা খাতের জন্য রয়েছে ১৪ হাজার। এটি মোট অমৌসুমি কোটার অন্তর্ভুক্ত, অতিরিক্ত বরাদ্দ নয়।
যেসব খাতে কাজের সুযোগ
অমৌসুমি কর্মী নিয়োগের খাতগুলোর মধ্যে রয়েছে কৃষি, বন ও মৎস্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বস্ত্র ও পোশাকশিল্প, নির্মাণ, পাইকারি ও খুচরা বাণিজ্য, হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, পণ্য সংরক্ষণ ও সরবরাহ এবং স্বাস্থ্য ও সামাজিক সেবা। মৌসুমি কর্মীদের জন্য মূলত কৃষি ও পর্যটন খাতে কোটা রাখা হয়েছে।
তিন বছরের পুরো পরিকল্পনায় মোট কোটা ৪ লাখ ৯৭ হাজার ৫৫০। এর মধ্যে ২০২৬ সালের জন্য নির্ধারিত ছিল ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন। ফলে ২০২৭ ও ২০২৮ সালের এই সুযোগ আগে ঘোষিত তিন বছরের পরিকল্পনারই অংশ।
আবেদন করবেন নিয়োগকর্তা
চাকরির জন্য বিদেশি কর্মী আনার প্রক্রিয়ায় ইতালির নিয়োগকর্তা কাজের অনুমোদন বা ‘নুল্লা ওস্তা’র আবেদন করেন। নিয়োগকর্তা নিজে অথবা অনুমোদিত পেশাজীবী ও নিয়োগকর্তাদের সংগঠনের মাধ্যমে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এএলআই পোর্টালে আবেদন প্রস্তুত করতে পারেন।
২০২৭ সালের আবেদন আগাম পূরণের সময় শুরু হয়েছে ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টায়। তা চলবে ৭ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত, ইতালির স্থানীয় সময় অনুযায়ী। আগাম ফরম পূরণ এবং ক্লিক ডেতে আবেদন পাঠানো দুটি পৃথক ধাপ।
২০২৭ সালের ক্লিক ডে কবে
| খাত | আবেদন পাঠানো শুরু |
|---|---|
| কৃষিতে মৌসুমি কাজ | ১২ জানুয়ারি ২০২৭ |
| পর্যটনে মৌসুমি কাজ | ৯ ফেব্রুয়ারি ২০২৭ |
| অমৌসুমি চাকরি | ১৬ ফেব্রুয়ারি ২০২৭ |
| পারিবারিক পরিচর্যা | ১৮ ফেব্রুয়ারি ২০২৭ |
প্রতিটি ক্লিক ডেতে ইতালির স্থানীয় সময় সকাল ৯টা থেকে আবেদন পাঠানো যাবে। সংশ্লিষ্ট দিনে আগে পূরণ করা আবেদনই জমা দেওয়া যাবে; নতুন আবেদন পূরণ বা আগের আবেদনে সংশোধনের সুযোগ থাকবে না। কোটা অবশিষ্ট থাকা সাপেক্ষে আবেদন গ্রহণ চলবে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।
