যুক্তরাষ্ট্রে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৫ শতাংশ। ভিসাপ্রক্রিয়ার জটিলতা, ভ্রমণ বিধিনিষেধ এবং পড়াশোনার ব্যয় বৃদ্ধির মধ্যে চলতি শরতে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে। আগে থেকে অধ্যয়নরত এবং পড়াশোনা শেষে সাময়িক কাজের কর্মসূচিতে থাকা শিক্ষার্থীদের মিলিয়ে মোট সংখ্যা কমেছে ৯ শতাংশ।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (আইআইই) ‘ফল ২০২৬ স্ন্যাপশট’ জরিপে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৮০৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উত্তর নিয়ে জরিপটি তৈরি করা হয়েছে। এটি ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক চিত্র; পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হবে আগামী বছরের ‘ওপেন ডোরস’ প্রতিবেদনে।
ভিসাপ্রক্রিয়া ও ভ্রমণ বিধিনিষেধ বড় বাধা
যেসব প্রতিষ্ঠানে নতুন বিদেশি শিক্ষার্থী কমেছে, সেগুলোর ৮৮ শতাংশ ভিসা আবেদনপ্রক্রিয়াকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছে। ভ্রমণ বিধিনিষেধের কথা বলেছে ৭০ শতাংশ প্রতিষ্ঠান। এ ছাড়া অন্য দেশে উচ্চশিক্ষার সুযোগ বেছে নেওয়া এবং পড়াশোনার খরচও শিক্ষার্থী কমার কারণ হিসেবে উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর হিসাবে, স্নাতকোত্তর পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ এবং স্নাতকে কমেছে ৩ শতাংশ। পড়াশোনা শেষে সাময়িকভাবে কাজের সুযোগ দেওয়া অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি কর্মসূচিতে অংশগ্রহণও কমেছে ৬ শতাংশ।
আগের শিক্ষাবর্ষেও কমেছিল নতুন ভর্তি
একই দিনে প্রকাশিত ‘ওপেন ডোরস ২০২৬’ প্রতিবেদনে আগের শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হয়েছে। এতে দেখা যায়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন ১১ লাখ ৪৬ হাজার ১৬৩ জন। আগের বছরের তুলনায় সংখ্যাটি ৩ শতাংশ কম।
ওই শিক্ষাবর্ষে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ১৮ শতাংশ কমে দাঁড়ায় ২ লাখ ২৮ হাজার ১২৩ জনে। অর্থাৎ আগের শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ হিসাব এবং চলতি শরতের প্রাথমিক জরিপ—দুটিতেই নতুন শিক্ষার্থী ভর্তিতে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যায় ভিন্ন চিত্র
সামগ্রিকভাবে সংখ্যা কমলেও ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশের পাশাপাশি কানাডা, নেপাল, পাকিস্তান ও ভিয়েতনামও এই তালিকায় রয়েছে।
তবে এই তথ্য আগের শিক্ষাবর্ষের। চলতি শরতে সামগ্রিকভাবে নতুন ভর্তি ১৫ শতাংশ কমার অর্থ বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাও একই হারে কমেছে—এমন নয়। আইআইইর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখনো আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রধান গন্তব্য।
