আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্রুত ব্যালট পাঠানোর আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজ (৫ ফেব্রুয়ারি) মধ্যে দেশে না পৌঁছালে তা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার ও গণভোট ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখতে হবে। এরপর ঘোষণাপত্রে স্বাক্ষর করে সাদা খামসহ সেটি হলুদ খামের ভেতর ঢুকিয়ে দ্রুততম সময়ে নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে জমা দিতে হবে।
ইসি আরও জানায়, ব্যালট যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে দেরি হতে পারে। আর ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। এ কারণে প্রবাসী ভোটারদের যত দ্রুত সম্ভব ব্যালট পাঠানোর অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটার এবং দেশের অভ্যন্তরে তিন শ্রেণির ভোটার—সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিদের জন্য পোস্টাল ভোটের সুযোগ দেওয়া হয়েছে। এ ব্যবস্থায় মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।
