বিশ্বজুড়ে আমদানিতে শুল্ক ১৫% করলেন ট্রাম্প, আদালতের সিদ্ধান্তের পর নতুন ঘোষণা

trump international law eu crisis 2026

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump বিশ্বের সব দেশের ওপর আরোপ করা অস্থায়ী পারস্পরিক আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) Supreme Court of the United States গত বছর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নতুন এই সিদ্ধান্ত নেন।

প্রথমে বিশ্বের সব দেশের আমদানি পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি তা বাড়িয়ে ১৫ শতাংশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি ঘোষণা দিচ্ছি, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আমাদের আরোপ করা ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। অনেক দেশ বছরের পর বছর যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল। এখন থেকে আইন মেনেই তাদের ওপর এই বাড়তি কর কার্যকর হবে।”

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, নতুন ঘোষিত ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন, এই শুল্ককে স্থায়ী ও আইনি বৈধতা দিতে তার প্রশাসন কাজ করবে।

গত বছর ট্রাম্প জরুরি অর্থনৈতিক শক্তি আইন (আইইইপিএ) এর অধীনে বিশ্বের বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন। এর ফলে যুক্তরাষ্ট্রে অনেক আমদানি পণ্যের দাম বেড়ে যায়।

তবে সুপ্রিম কোর্ট রায়ে উল্লেখ করেছে, শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং এ ধরনের সিদ্ধান্তের আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল।