মোজতবা খামেনিকে হত্যাচেষ্টা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন

mojtaba khamenei assassination attempt

ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত মোজতবা খামেনি-কে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। দুটি ইরানি সূত্রের বরাতে সংস্থাটি জানিয়েছে, হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

২০০৮ সালের একটি মার্কিন কূটনৈতিক তারবার্তায় মোজতবাকে ইরানের একজন দক্ষ ও প্রভাবশালী সংগঠক এবং ব্যবস্থাপক হিসেবে উল্লেখ করা হয়েছিল। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছিল বলে বিভিন্ন সূত্র দাবি করছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। টানা ৩৬ বছর ধরে তিনি ইরান-এর সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে যাকেই নির্বাচিত করা হবে, তাকেই লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের নেতৃত্ব পরিবর্তন ঘিরে অনিশ্চয়তা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে।