এনআইডি সংশোধনের ১ লাখ ৩০ হাজার আবেদন পেন্ডিং

NID

দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন পেন্ডিং রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর।

বুধবার তিনি জানান, সার্ভারে জমা থাকা এসব আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

এনআইডি মহাপরিচালক বলেন, “আজ পর্যন্ত আমাদের সার্ভারে প্রায় ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং রয়েছে।”

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত ১২ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

হুমায়ুন কবীর বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার আগ পর্যন্ত প্রায় ৭৫ থেকে ৭৬ হাজার আবেদন পেন্ডিং ছিল। তবে গত কয়েক মাসে সেই সংখ্যা বেড়ে এখন ১ লাখ ৩০ হাজারে পৌঁছেছে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, এসব আবেদন পর্যায়ক্রমে দ্রুত নিষ্পত্তি করা হবে এবং নাগরিকদের সংশোধনের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে এসে ভোগান্তিতে পড়তে হবে না।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, অনলাইনে জমা দেওয়া আবেদনগুলো যাচাই–বাছাই শেষে ধাপে ধাপে নিষ্পত্তি করা হচ্ছে।