মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র-সংশ্লিষ্ট স্থাপনায় ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার।
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ১৯তম দিনে এ ঘটনা ঘটে। এদিকে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধের শুরু থেকেই বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ করে আসছে তেহরান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র Majed Al-Ansari বলেন, “ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।”
তিনি উল্লেখ করেন, এই গ্যাসক্ষেত্রটি কাতারের North Field-এর সম্প্রসারণ হিসেবে বিবেচিত।
আল-আনসারি সতর্ক করে বলেন, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। পাশাপাশি এটি আঞ্চলিক জনগণ ও পরিবেশের জন্যও বড় ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা এড়িয়ে চলা জরুরি এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। একইসঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে উত্তেজনা কমানোর ওপর জোর দেন তিনি।
