দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির ঈদ উদযাপন করেছেন পর্তুগাল প্রবাসী মুসলমানরা। ঈদের দিন সকাল থেকেই দেশটির বিভিন্ন শহরে আনন্দের জোয়ার দেখা যায়। রাজধানী লিসবন-এর মার্টিম মনিজ এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বৃষ্টির কারণে এবার মার্টিম মনিজ পার্কের বড় খোলা মাঠের জামাত আয়োজন করা সম্ভব হয়নি। তবে লিসবনের কেন্দ্রীয় মসজিদ বিশাল মিলনায়তনে পরিণত হয়ে যায়। সেখানে প্রবাসী মুসল্লিদের উপস্থিতিতে একাধিক ধাপে ঈদের নামাজ আদায় করা হয়।
এদিকে পোর্তো, আলগার্ভ এবং ভিলা নোভা দে মিলফন্তেস-এর স্থানীয় মসজিদগুলোতেও সকাল সাড়ে সাতটা থেকে সকাল দশটার মধ্যে একাধিক ধাপে ঈদের জামাত সম্পন্ন হয়।
পর্তুগালে শুক্রবার কর্মদিবস হওয়ায় অনেক প্রবাসী আগেভাগেই কর্মস্থল থেকে ছুটির ব্যবস্থা করেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকেই মসজিদে ভিড় জমাতে দেখা যায় মুসলিম কমিউনিটিকে।
পর্তুগালের পাশাপাশি পার্শ্ববর্তী স্পেন, ফ্রান্স, ইতালি এবং জার্মানি-তেও একই দিনে মুসলিম কমিউনিটির মধ্যে ঈদের আনন্দ উদযাপন করা হয়। প্রবাসীরা নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করেন।
আপনিও লিখুন PortuBangla প্রবাস বিভাগে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন খবর, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন ই-মেইলে mail@portubangla.com।
