‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর, তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ

notun kuri sports tarique rahman

দেশের ক্রীড়াঙ্গনে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুলভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।

বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়াম-এ আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং সাম্প্রতিক নির্বাচনের সময়ও দলীয় ইশতিহারে উল্লেখ করেছি—বাংলাদেশের ক্রীড়াজগতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই এবং খেলাধুলাকে পেশাদার রূপ দিতে চাই।”

তিনি জানান, এক সময় জনপ্রিয় ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে এবার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হবে, যা দেশের তরুণ প্রতিভা খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারেক রহমান আরও বলেন, “শুধু এই উদ্যোগই নয়, আমরা চাই তৃণমূল পর্যায়ে—জেলা, উপজেলা ও ইউনিয়নে—স্কুল ও বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে।”

তিনি ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমাদের লক্ষ্য, আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও বেশি সম্মান বয়ে আনা এবং দক্ষ খেলোয়াড় তৈরি করা।”

স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি সবাইকে দলমত নির্বিশেষে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “ক্রীড়া সম্মান বয়ে আনে এবং বন্ধুত্বের বন্ধন গড়ে তোলে।”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইমা রহমান, বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।