দৌলতদিয়া ফেরিঘাট-এ ভয়াবহ বাস দুর্ঘটনার তৃতীয় দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড-এর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, “তৃতীয় দিনের মতো আজ সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমরা স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা তল্লাশি করছি, কোনো মরদেহ ভেসে গেছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।”
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ২৪ ঘণ্টার বেশি সময় পার হওয়ায় নদীতে নিখোঁজদের মরদেহ ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য আশপাশের এলাকাগুলোতে জোরালোভাবে অনুসন্ধান চালানো হচ্ছে।
এ পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
