প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

Prepaid Meter

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হয়েছে। গ্রাহকদের স্বার্থ বিবেচনায় এবং জনবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে এই চার্জ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। অনেক গ্রাহক দীর্ঘদিন ধরে এই চার্জ পরিশোধ করে আসছেন এবং মিটারের প্রকৃত মূল্য উঠে যাওয়ার পরও কেন অতিরিক্ত অর্থ কাটা হচ্ছে—এ নিয়ে প্রশ্ন তুলছিলেন।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার কেনায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে বোঝা তৈরি হয়েছিল, তা সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকদের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে।