যুক্তরাজ্য সরকার বিদেশি ভ্রমণকারীদের জন্য চালু করা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) ফি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ এপ্রিল থেকে ETA ফি £১৬ থেকে বাড়িয়ে £২০ করা হবে, যা প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি।
এর আগে ২০২৫ সালে এই ফি £১০ থেকে বাড়িয়ে £১৬ করা হয়েছিল। ধারাবাহিকভাবে ফি বৃদ্ধির এই পদক্ষেপ ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত ব্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
UK Home Office এক বিবৃতিতে জানায়, ETA ফি নিয়মিত পর্যালোচনার আওতায় রাখা হয় এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী তা সমন্বয় করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন ফি মূলত ইউরোপীয় ইউনিয়নের আসন্ন ভ্রমণ অনুমতি ব্যবস্থা ETIAS-এর সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হচ্ছে। ২০২৬ সালের শেষ দিকে ETIAS চালু হলে এর ফিও প্রায় €২০ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, Electronic Travel Authorisation (ETA) প্রথম চালু হয় ২০২৩ সালে। ধাপে ধাপে এটি বাস্তবায়ন করে ২০২৫ সালের এপ্রিল থেকে যুক্তরাজ্যে প্রবেশের জন্য এটি বাধ্যতামূলক করা হয়। তবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের পাসপোর্টধারীরা এই নিয়মের বাইরে রয়েছেন।
২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ শুরু হয়েছে। এখন থেকে কোনো বিদেশি নাগরিক ETA ছাড়া যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিমান ভ্রমণের ক্ষেত্রেও ETA না থাকলে বোর্ডিংয়ের অনুমতি দেওয়া হবে না।
এদিকে নতুন নিয়মের কারণে কিছু সমস্যারও সৃষ্টি হয়েছে। বিশেষ করে দ্বৈত নাগরিকত্বধারী তরুণ ব্রিটিশরা বিদেশে আটকে পড়ার ঘটনা সামনে এসেছে। কারণ, Home Office এখন যুক্তরাজ্যে প্রবেশের জন্য বৈধ ব্রিটিশ পাসপোর্ট বাধ্যতামূলক করছে।
বিশ্লেষকরা মনে করছেন, নিরাপত্তা জোরদার ও অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে এতে ভ্রমণকারীদের ভোগান্তি ও ব্যয় দুটোই বাড়বে।
