ইউরোপের দেশ Portugal-এ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন একটি খসড়া আইনের মাধ্যমে নাবালক সন্তান থাকলেও অভিবাসীদের ডিপোর্ট বা বহিষ্কার সহজ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
সরকারের প্রস্তাব অনুযায়ী, কোনো অভিবাসীর নাবালক সন্তান থাকলেই আর বহিষ্কার স্থগিত থাকবে না। কেবল তখনই এই বিষয়টি বিবেচনায় নেওয়া হবে, যখন ওই সন্তান বৈধভাবে দেশে বসবাস করবে এবং তার নিজস্ব বসবাসের অনুমতিপত্র (título de residência) থাকবে।
নতুন আইনে আরও বলা হয়েছে, যদি কোনো তৃতীয় দেশের নাগরিক আইনত Portugal-এ বসবাস করেন এবং তিনি এমন নাবালক সন্তানের অভিভাবক হন যার ভরণপোষণ ও শিক্ষার দায়িত্ব তিনি কার্যকরভাবে পালন করছেন, তাহলে বিশেষ ক্ষেত্রে বহিষ্কার স্থগিত থাকতে পারে।
এই পরিবর্তনটি আইনের ১৩৫ নম্বর অনুচ্ছেদের নতুন ভাষ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
খসড়া আইনটি আনুষ্ঠানিকভাবে সংসদে উপস্থাপনের আগে গত ডিসেম্বর মাসে Conselho Nacional para as Migrações e Asilo-এর বৈঠকে আলোচনা করা হয়। সেখানে বেশ কয়েকজন সদস্য এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেন। তাদের মতে, এই আইন শিশু সুরক্ষা ও মানবাধিকারের নৈতিক মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
এছাড়াও নতুন প্রস্তাবে যুক্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত—ডিপোর্টেশন সীমাবদ্ধতার সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট অভিবাসীকে কমপক্ষে পাঁচ বছর পর্তুগালে বসবাস করতে হবে। বর্তমান আইনে এমন কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
বিশ্লেষকরা বলছেন, নতুন এই আইন পাস হলে অভিবাসী পরিবারগুলোর ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে, বিশেষ করে যাদের সন্তান রয়েছে কিন্তু বৈধ কাগজপত্র সম্পূর্ণ নয়।
