ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না

USA Visa

একজন আন্তর্জাতিক ভ্রমণকারীর যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে U.S. Embassy Dhaka। দূতাবাস জানিয়েছে, ভিজিটর ভিসার মেয়াদ দেখে নয়—বরং যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা যে সময় অনুমোদন করেন, সেটিই বৈধ অবস্থানের সময়সীমা হিসেবে গণ্য হবে।

শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, অনেক ভ্রমণকারী ভুলভাবে মনে করেন যে বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যায়। বাস্তবে বিষয়টি ভিন্ন। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তা আপনার অবস্থানের অনুমোদিত সময় নির্ধারণ করেন।

দূতাবাসের মতে, যুক্তরাষ্ট্রে আপনি কতদিন থাকতে পারবেন তা জানতে আপনার I-94 রেকর্ডে উল্লেখিত “Admit Until Date” দেখতে হবে। এই তারিখের পর অবস্থান করলে তা ভিসা ওভারস্টে হিসেবে গণ্য হতে পারে, যা ভবিষ্যৎ ভিসা বা ভ্রমণের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।

ভ্রমণকারীদের I-94 তথ্য অনলাইনে যাচাই করার জন্য সরকারি ওয়েবসাইট i94.cbp.dhs.gov ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে প্রবেশ করে পাসপোর্ট তথ্য দিয়ে অনুমোদিত থাকার শেষ তারিখ দেখা যাবে।